জাপানের রাজধানী টোকিওর কাছে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৩৭ জন আহত হয়েছেন। রোববার (২৩ আগস্ট) ভোরে আঘাত হানা ভূমিকম্পে টোকিও ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। এতে যান চলাচল ও ট্রেন পরিষেবায় বিঘ্ন ঘটে।
জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
জাপান আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ২টার দিকে টোকিওর কাছাকাছি ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৬৮ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পর রাজধানীসহ বিভিন্ন এলাকায় জরুরি সাইরেন বাজানো হয় এবং ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের স্মার্টফোনে সতর্কবার্তা পাঠানো হয়। তবে ভূমিকম্পটির কারণে সুনামির কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে জাপান আবহাওয়া সংস্থা।
জাপানের কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের বেশিরভাগের আঘাতই সামান্য। তবে টোকিওর দক্ষিণে ইয়োকোহামায় ৮০-এর কোঠার এক নারী ভূমিকম্পের পর বিছানা থেকে নামতে গিয়ে পড়ে গিয়ে কোমরে গুরুতর আঘাত পেয়েছেন।
ভূমিকম্পের প্রভাবে টোকিওতে ট্রেন চলাচলও ব্যাহত হয়। টোকিওর উত্তরে সাইতামায় একটি ভবনে সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
এ ছাড়া রাজধানীর একটি এলাকায় প্রধান পানির পাইপ ফেটে যাওয়ার সঙ্গে ভূমিকম্পের কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৮ বলে জানিয়েছে।
জাপান আবহাওয়া সংস্থা আগামী কয়েক দিনে শক্তিশালী আফটারশক এবং ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে বলে সতর্ক করেছে।
0 মন্তব্য