পানি সাশ্রয়ের উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাজ্যের পানি খাতের নিয়ন্ত্রক সংস্থা মুসলিমদের ওজু করার সময় কম পানি ব্যবহারের পরামর্শ দিয়েছে। একই সঙ্গে এশীয় সম্প্রদায়ের মানুষদের চাল ধোয়ার সময়ও পানি কম ব্যবহারের আহ্বান জানানো হয়েছে।
যুক্তরাজ্যের পানি পরিষেবা নিয়ন্ত্রক সংস্থা অফওয়াট-এর অর্থায়নে পরিচালিত ‘ওয়াটার এফিশিয়েন্সি ইন ফেইথ অ্যান্ড ডাইভার্স কমিউনিটিজ’ কর্মসূচির আওতায় এসব উদ্যোগ নেওয়া হয়েছে।
কেমব্রিজে পরিচালিত একটি পরীক্ষামূলক উদ্যোগে স্থানীয় মুসলিমদের নামাজের আগে ওজুর জন্য মাত্র ১ লিটার পানি ব্যবহারে উৎসাহিত করা হয়। Ofwat জানিয়েছে, সাধারণভাবে অনেকে দিনে পাঁচবার ওজু করতে প্রায় ১২ লিটার প্রবাহমান পানি ব্যবহার করেন। এক লিটারের বোতল ব্যবহার করলে একজন ব্যক্তি প্রতিদিন সর্বোচ্চ ৫৫ লিটার পানি সাশ্রয় করতে পারেন।
কেমব্রিজে পরিচালিত এই উদ্যোগে প্রতিদিন সর্বোচ্চ ৫ হাজার ৯০০ লিটার পানি সাশ্রয় হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
এই উদ্যোগে ইসলামি টেলিভিশন চ্যানেলগুলোর মাধ্যমে পরামর্শগুলো ব্যাপকভাবে প্রচারের সুপারিশ করা হয়। তবে পানি অপচয়ের জন্য মুসলিমদের আলাদাভাবে দায়ী করা হচ্ছে—এমন কোনো ধারণা যাতে তৈরি না হয়, সে বিষয়েও সতর্ক করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, মহানবী হজরত মুহাম্মদ (সা.) ওজুর সময় সাধারণত এক লিটারের বেশি পানি ব্যবহার করতেন না বলে বিশ্বাস করা হয়।
এই উদ্যোগে অবশ্য সমালোচনাও হয়েছে। সমালোচকদের অভিযোগ, সাধারণ মানুষকে পানি ব্যবহারের বিষয়ে পরামর্শ দেওয়ার পরিবর্তে পানি সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর উচিত আগে পাইপলাইনের পানি অপচয় ও লিকেজ বন্ধ করা।
গ্রিনপিস ইউকের জুলাইয়ের এক গবেষণায় বলা হয়, ইংল্যান্ড ও ওয়েলসে প্রতিদিন লিকেজের কারণে প্রায় ২৮৭ কোটি লিটার পানি নষ্ট হচ্ছে। যা দিয়ে প্রায় ১ হাজার ১৫০টি অলিম্পিক আকারের সুইমিংপুল ভরাট করা সম্ভব।
ছায়া মন্ত্রী মাইক উড এ ধরনের উদ্যোগকে করদাতাদের অর্থের অপচয় হিসেবে সমালোচনা করেছেন। তাঁর মতে, পানি অপচয় কমানো ভালো উদ্যোগ হলেও জনগণের অর্থ দীর্ঘদিনের ধর্মীয় ও সাংস্কৃতিক চর্চা পরিবর্তনের প্রচারে ব্যয় করা উচিত নয়।
তবে অফওয়াট বলেছে, দীর্ঘ সময় ধরে চলা শুষ্ক আবহাওয়ার কারণে সবাইকে আরও দক্ষতার সঙ্গে পানি ব্যবহারের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। সংস্থাটির দাবি, এই পরীক্ষামূলক উদ্যোগটি বিভিন্ন ধর্মীয় গোষ্ঠী, দাতব্য প্রতিষ্ঠান ও পানি সরবরাহকারী কোম্পানির সঙ্গে যৌথভাবে পরিচালিত হয়েছে এবং এটি ২০২৫ সালের এপ্রিলেই শেষ হয়েছে।
অফওয়াট আরও জানিয়েছে, এই উদ্যোগ কাউকে ধর্মীয় আচার পালন থেকে বিরত থাকতে বলেনি বা ধর্মীয় রীতি-নীতিতে হস্তক্ষেপ করেনি।
এর আগে জুনে যুক্তরাজ্য সরকার দৈনন্দিন জীবনে ছোট ছোট পরিবর্তনের মাধ্যমে পানি ব্যবহার কমাতে ৭ কোটি ৫০ লাখ পাউন্ডের ‘লেটস সেভ ওয়াটার’ প্রচারাভিযান শুরু করে।
সূত্র: মিডল ইস্ট আই
0 মন্তব্য