সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে এক সপ্তাহে ১৪ হাজার ২৬০ জনকে আটক করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে, গত ১৩ থেকে ১৯ আগস্ট পর্যন্ত বিভিন্ন সরকারি সংস্থার সহযোগিতায় নিরাপত্তা বাহিনীর পরিচালিত যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে ৬ হাজার ৯০০ জন আবাসন আইন, ৩ হাজার ৯৮২ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৩ হাজার ৩৭৮ জন শ্রম আইন লঙ্ঘনকারী।
একই সময়ে ১৩ হাজার ৭২৪ জন অবৈধ প্রবাসীকে সৌদি আরব থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া ভ্রমণ নথি সংগ্রহের জন্য ১৮ হাজার ৮০৮ জনকে নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে এবং ভ্রমণের টিকিট ও অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে ৫ হাজার ৩৮৬ জনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
এদিকে সৌদি আরবে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময় ১ হাজার ৫২৪ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে ৩৬ শতাংশ ইয়েমেনি, ৬৩ শতাংশ ইথিওপিয়ান এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
এ ছাড়া সৌদি আরব থেকে অবৈধভাবে বের হওয়ার চেষ্টা করার সময় ৩৮ জনকে আটক করা হয়েছে।
অবৈধ প্রবাসীদের পরিবহন, আশ্রয় বা কাজ দেওয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আরও ২৪ জনকে আটক করা হয়েছে।
বর্তমানে সৌদি আরবে মোট ৩১ হাজার ৯২২ জন প্রবাসী আইনি ব্যবস্থা বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে রয়েছেন। তাদের মধ্যে ২৯ হাজার ৯৬১ জন পুরুষ এবং ১ হাজার ৯৬১ জন নারী।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানিয়েছে, কেউ অবৈধভাবে কোনো ব্যক্তিকে দেশটিতে প্রবেশে সহায়তা করলে, পরিবহন বা আশ্রয় দিলে কিংবা অন্য কোনো ধরনের সহায়তা বা সেবা দিলে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। একই সঙ্গে পরিবহনে ব্যবহৃত যানবাহন কিংবা আশ্রয় দেওয়ার জন্য ব্যবহৃত বাড়িও জব্দ করা হতে পারে।
অবৈধ অভিবাসন বা আইন লঙ্ঘনের ঘটনা সম্পর্কে তথ্য দিতে জনসাধারণকে আহ্বান জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মক্কা, রিয়াদ ও পূর্বাঞ্চলে ৯১১ নম্বরে এবং দেশের অন্যান্য অঞ্চলে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে অভিযোগ জানানো যাবে।
0 মন্তব্য