অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো কোনো স্তন্যপায়ী প্রাণীর দেহে এইচ৫এন১ বার্ড ফ্লু ভাইরাস শনাক্ত হয়েছে। দক্ষিণ অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের একটি লং-নোজড ফার সিলের দেহে প্রাণঘাতী এই ভাইরাস পাওয়া গেছে।
রোববার (২৩ আগস্ট) দেশটির কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
দক্ষিণ অস্ট্রেলিয়ার উপকূলীয় শহর বিচপোর্টে সিলটির মৃতদেহ পাওয়া যায়। জায়গাটি রাজ্যের রাজধানী অ্যাডিলেড থেকে প্রায় ৩১০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
কর্তৃপক্ষ জানিয়েছে, সিলটির শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না। দক্ষিণ অস্ট্রেলিয়ার জলসীমায় আনুমানিক ১ লাখ লং-নোজড ফার সিল রয়েছে।
অস্ট্রেলিয়ার কৃষিমন্ত্রী জুলি কলিন্স বলেন, সিলটির মৃত্যু অন্য কোনো অসুস্থ বা মৃত সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণীর সঙ্গে সম্পর্কিত বলে মনে হচ্ছে না।
তিনি আরও বলেন, প্রাকৃতিক পরিবেশে এইচ৫এন১ বার্ড ফ্লু ছড়িয়ে পড়লে উল্লেখযোগ্য প্রাণহানি এড়ানো কঠিন হয়ে পড়ে।
গত জুনে অস্ট্রেলিয়ায় এইচ৫এন১ ভাইরাস শনাক্ত হওয়ার পর দেশটিতে অত্যন্ত সংক্রামক এই বার্ড ফ্লুর প্রকোপ বাড়তে থাকে। চলতি মাসে প্রথমবারের মতো দেশটিতে ব্যাপকসংখ্যক সামুদ্রিক পাখি মারা যাওয়ার ঘটনাও ঘটেছে।
অভিবাসী পাখির মাধ্যমে প্রথম ভাইরাসটি অস্ট্রেলিয়ায় শনাক্ত হওয়ার পর ধীরে ধীরে তা দেশটির স্থানীয় বিভিন্ন প্রজাতির পাখির মধ্যেও ছড়িয়ে পড়ে।
তবে এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার পোলট্রি বা কৃষিখাতে এইচ৫এন১ শনাক্ত হয়নি বলে জানিয়েছে দেশটির ফেডারেল সরকার। শুক্রবার পর্যন্ত দেশজুড়ে মোট ২৯৭টি এইচ৫এন১ সংক্রমণ নিশ্চিত হয়েছে।
অস্ট্রেলিয়া ছিল বিশ্বের সর্বশেষ মহাদেশ, যেখানে বার্ড ফ্লু শনাক্ত হয়। তবে ২০২৫ সালের শেষ দিকে অস্ট্রেলিয়ার সাব-অ্যান্টার্কটিক অঞ্চল হিয়ার্ড আইল্যান্ডে ভাইরাসটি শনাক্ত হয়েছিল।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই দ্বীপে এইচ৫এন১ ভাইরাসে ১৩ হাজারের বেশি বাচ্চা সিল মারা গেছে।
সূত্র:রয়টার্স
0 মন্তব্য