বগুড়া সিটি করপোরেশনের প্রথম পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এম আর ইসলাম স্বাধীন। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নতুন কর্মস্থলে যোগদান করেন তিনি।
এদিন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর কাছে যোগদানপত্র জমা দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন এম আর ইসলাম স্বাধীন। এর মাধ্যমে নবগঠিত বগুড়া সিটি করপোরেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো।
এর আগে সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা ওই প্রজ্ঞাপনে উপসচিব মো. রবিউল ইসলামের স্বাক্ষর ছিল।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক (১) অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি প্রশাসকের দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত প্রশাসক হিসেবে তিনি মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বিধি অনুযায়ী সুযোগ-সুবিধা ও ভাতা পাবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
নিয়োগপ্রাপ্ত এম আর ইসলাম স্বাধীন বগুড়া সদরের মালতিনগর এলাকার বকশিবাজার সড়কের বাসিন্দা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের স্বাক্ষর করা সরকারি গেজেটে বগুড়া-কে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা করা হয়।
0 মন্তব্য