রংপুরের তারাগঞ্জে বাসভাড়া নিয়ে বিরোধের জেরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে দুই যাত্রীকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে চালক ও হেলপারের বিরুদ্ধে। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার জিয়ারগলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা গ্রামের কানু মিয়ার ছেলে মুকুল (৩০) এবং একই গ্রামের লোকমান হোসেনের ছেলে শাকিল (২৮)। তারা দুজনই কুমিল্লার একটি নির্মাণাধীন প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে কুমিল্লা থেকে জলঢাকাগামী সাইমুম পরিবহনের একটি বাসে বাড়ি ফিরছিলেন একই গ্রামের কয়েকজন যাত্রী। বাসটি রংপুরের পাগলাপীর এলাকায় পৌঁছালে ভাড়া নিয়ে যাত্রীদের সঙ্গে কন্ডাক্টর ও হেলপারের কথা কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে বাসটি তারাগঞ্জ এলাকায় পৌঁছালে কন্ডাক্টর ও হেলপার মিলে মুকুল, শাকিল ও আতিকুল ইসলামকে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ রয়েছে। এ সময় বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মুকুল ও শাকিলের মৃত্যু হয়। গুরুতর আহত হন আতিকুল ইসলাম।
ঘটনার পর স্থানীয়রা মোবাইল ফোনে খিয়ারজুম্মা বাজার এলাকায় খবর দিয়ে বাসটি আটকানোর অনুরোধ জানান। পরে বাজার এলাকার লোকজন বাসটি আটক করেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত ও আহত ব্যক্তিদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মুকুল ও শাকিলকে মৃত ঘোষণা করেন।
এদিকে দুই যাত্রীর মৃত্যুর খবর পেয়ে স্বজনরা হাসপাতালে ছুটে আসেন। পরে তারা উত্তেজিত হয়ে রংপুর-দিনাজপুর মহাসড়কের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন। এতে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত স্বজনদের অবরোধ চলছিল।
তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান দুই যাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিযুক্ত বাসটি আটক করা হয়েছে।
0 মন্তব্য