জমির সীমানা নির্ধারণ ও নামজারি করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুস দাবি করার অভিযোগে ঢাকার লালবাগ রাজস্ব সার্কেলের এক সার্ভেয়ারকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ঘুসের এক লাখ টাকা গ্রহণের সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
আটক সার্ভেয়ারের নাম মোহাম্মদ আসাদুল ইসলাম। মঙ্গলবার (৩ নভেম্বর) দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানান।
দুদক সূত্রে জানা গেছে, অবসরপ্রাপ্ত সৈনিক মো. মনিরুল ইসলাম লালবাগ থানার চর-কামরাঙ্গী মৌজায় বিভিন্ন দাগে থাকা ২৮২ শতাংশ জমির মালিকদের কাছ থেকে নিবন্ধিত অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি গ্রহণ করেন। ওই জমির সীমানা নির্ধারণ, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির সীমানা পৃথক করা এবং স্কেচম্যাপ তৈরির জন্য গত ২৭ এপ্রিল ঢাকা জেলা প্রশাসক বরাবর আবেদন করেন তিনি।
তবে প্রায় ছয় মাস ধরে লালবাগ রাজস্ব সার্কেলে একাধিকবার যোগাযোগ করেও জমির সীমানা নির্ধারণের কাজ সম্পন্ন করতে পারেননি মনিরুল ইসলাম। একপর্যায়ে তাকে ওই কার্যালয়ের সার্ভেয়ার মোহাম্মদ আসাদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়।
পরে আসাদুল ইসলাম জমির সীমানা নির্ধারণ ও নামজারির কাজ সম্পন্ন করে দেওয়ার বিনিময়ে ৮০ লাখ টাকা ঘুস দাবি করেন বলে অভিযোগ করেন মনিরুল ইসলাম। এ বিষয়ে তিনি দুদকের কাছে অভিযোগ করেন এবং ঘুস গ্রহণের সময় সার্ভেয়ারকে হাতেনাতে আটকের অনুরোধ জানান।
এর পরিপ্রেক্ষিতে অভিযোগের প্রাথমিক সত্যতা যাচাই ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুদকের ঢাকা জেলা কার্যালয়-১-এর একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে এক লাখ টাকা ঘুস গ্রহণের সময় সার্ভেয়ার আসাদুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।
দুদক জানিয়েছে, আটক সার্ভেয়ারের বিরুদ্ধে ঢাকা জেলা কার্যালয়-১-এ মামলা দায়ের এবং তাকে আদালতে সোপর্দ করার আইনগত প্রক্রিয়া চলছে।
0 মন্তব্য