কেকের সঙ্গে একই রেফ্রিজারেটরে কাঁচা মাংস সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন এবং খাদ্যপণ্যে লেবেল না থাকাসহ বিভিন্ন অনিয়মের দায়ে ঢাকার কেরানীগঞ্জের কুসুম বেকারি অ্যান্ড কোংকে তিন লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
কেরানীগঞ্জ মডেলের পশ্চিম কালিন্দী এলাকার ব্রাহ্মণকিত্তায় অবস্থিত বেকারিটিতে সম্প্রতি মোবাইল কোর্ট পরিচালনা করে। দোষ স্বীকারের ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী আরোপিত জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার এ তথ্য জানানো হয়।
এতে আরও বলা হয়, অভিযানে বেকারিটির মেঝে, সিঁড়ি, দরজা-জানালা ও যন্ত্রপাতিতে ময়লার স্তর জমে থাকতে দেখা যায়। এ ছাড়া একই রেফ্রিজারেটরে কেক ও কাঁচা মাংস একসঙ্গে সংরক্ষণ এবং লেবেল ছাড়াই বিভিন্ন ধরনের কেক, বিস্কুট ও খাদ্যোপকরণ মজুত রাখার প্রমাণ পাওয়া যায়।
অভিযানকালে প্রতিষ্ঠানটি হালনাগাদ অগ্নিনিরাপত্তা লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোলের প্রমাণক এবং পানি পরীক্ষার সনদ প্রদর্শন করতে ব্যর্থ হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ঢাকা জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য কর্মী এবং ব্যাটালিয়ন আনসারের সদস্যরা উপস্থিত ছিলেন।
0 মন্তব্য