নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে আজ শনিবার (৩ অক্টোবর)। নাটোর গ্রিডের জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন ও গাছের ডালপালা কর্তনের কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের সব ফিডারে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
এতে বনপাড়া পৌরসভা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, দুয়াড়িয়া ইউনিয়নের আংশিক এলাকা, নগর, গোপালপুর, চান্দাই ও দুয়াড়ি ইউনিয়নের আংশিক এলাকার গ্রাহকেরা বিদ্যুৎবিহীন থাকবেন।
নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় এসব এলাকার বাসিন্দা ও ব্যবসাপ্রতিষ্ঠানকে সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর ভিত্তি করে বিদ্যুৎ বন্ধ রাখার সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। এ ছাড়া কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।
0 মন্তব্য