ভারতে নাগরিকদের সুবিধার্থে বিনা মূল্যে বাস পরিষেবা প্রকল্পের উদ্বোধন করেছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয়। এ সময় তিনি কিছুক্ষণের জন্য বাস কন্ডাক্টরের ভূমিকা পালন করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, তিনি নারী যাত্রীদের হাতে বিনা মূল্যে টিকিট তুলে দেন।
সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, গান্ধী জয়ন্তীতে ‘ভেট্রি পায়ানাম’ প্রকল্পের সম্প্রসারিত সংস্করণ চালুর পর চেন্নাইয়ের একটি সরকারি বাসে বিজয়কে যাত্রীদের সঙ্গে কথা বলতে এবং টিকিট বিতরণ করতে দেখা যায়।
মুখ্যমন্ত্রীর এই কন্ডাক্টর-সুলভ আচরণ উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ হয়ে ওঠে এবং যাত্রীরা তাদের ফোনে সেই মুহূর্তটি ধারণ করেন। বাসে থাকা কলেজ শিক্ষার্থীরাও বিজয়ের সঙ্গে কথা বলেন এবং তাকে চকলেট উপহার দেন।
এর আগে রাজ্যটিতে নারীরা মূলত মেট্রোপলিটন ও শহরাঞ্চলের সাধারণ বাস এবং পাহাড়ি পথে ৪০ কিলোমিটার পর্যন্ত দূরত্বের সাধারণ বাসে বিনা মূল্যে যাতায়াত করতে পারতেন। ‘ভেট্রি পায়ানাম’ প্রকল্পের আওতায় এখন মেট্রোপলিটন ও শহরাঞ্চলে চলাচলকারী এক্সপ্রেস, লিমিটেড স্টপ সার্ভিস এবং ডিলাক্স বাসেও বিনা মূল্যে ভ্রমণের সুবিধা দেওয়া হচ্ছে।
এ ছাড়া ৪০ কিলোমিটারের বেশি দূরত্বের রুটে চলাচলকারী মফস্বল এলাকার সাধারণ বাস এবং পাহাড়ি পথের (ঘাট) সাধারণ বাসও এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে।
তামিলনাড়ু সরকারের তথ্যমতে, রাজ্যের সাতটি পরিবহন সংস্থার মোট ১২ হাজার ৬৯২টি বাসকে এই সম্প্রসারিত প্রকল্পের আওতায় আনা হয়েছে।
সরকারের হিসাব অনুযায়ী, প্রতিদিন প্রায় ৮৪.৩ লাখ নারী এই সুবিধার আওতায় উপকৃত হবেন।
প্রতিবেদন অনুযায়ী, সাতটি রাষ্ট্রীয় পরিবহন সংস্থার মোট ১৮ হাজার ৪১৩টি নির্ধারিত বাসের মধ্যে প্রায় ৬৯ শতাংশ বাস ‘ভেট্রি পায়ানাম’ প্রকল্পের আওতাভুক্ত। রাজ্যের মোট ১ লাখ ৯৪ হাজার ৬৪৯টি নির্ধারিত ‘সিঙ্গেল ট্রিপ’ বা যাত্রার মধ্যে ১ লাখ ৬৫ হাজার ৩১২টি ট্রিপ। অর্থাৎ মোট যাত্রার প্রায় ৮৫ শতাংশ এই বাসগুলোর মাধ্যমেই পরিচালিত হবে।
তামিলনাড়ুর পরিবহন মন্ত্রী এ. বিজয় তামিলান পার্থিবান জানিয়েছেন, এই সম্প্রসারণের লক্ষ্য হলো গণপরিবহন পরিষেবার সুযোগ আরও বাড়ানো।
বিশেষ করে বাড়ি থেকে দূরে কলেজে যাতায়াতকারী শিক্ষার্থী এবং কর্মস্থল, হাসপাতাল ও অন্যান্য জরুরি প্রয়োজনে যাতায়াতকারী নারীদের জন্য সেবা সমুন্নত রাখা হবে।
বিনামূল্যে ভ্রমণের হিসাব রাখার জন্য বাসে থাকা ইলেকট্রনিক টিকেটিং মেশিনগুলোকেও এই প্রকল্পের সঙ্গে যুক্ত করা হয়েছে। নির্দিষ্ট কিছু পরিষেবার ক্ষেত্রে ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী ব্যক্তিদের জন্যও বিনা মূল্যে ভ্রমণের সুবিধাটি প্রযোজ্য। এই সম্প্রসারিত কর্মসূচিটি রাজ্যের বিদ্যমান বিনামূল্যে বাস পরিষেবা প্রকল্পের ওপর ভিত্তি করেই গড়ে তোলা হয়েছে।
0 মন্তব্য