দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার কার্যক্রম শুরু হচ্ছে আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট)। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।
ক্ষমতাসীন বিএনপি এখনো আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতি পদে প্রার্থীর নাম ঘোষণা করেনি। তবে দলীয় সূত্রে জানা গেছে, দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করার সিদ্ধান্ত প্রায় চূড়ান্ত।
প্রার্থী চূড়ান্ত করতে আজ দুপুরে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে আনুষ্ঠানিকভাবে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এরপর বেলা ২টার দিকে বিএনপির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।
অন্যদিকে, জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য রাষ্ট্রপতি পদে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছে। আজ বেলা ১১টার দিকে তার মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, ১৬ আগস্ট সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট, দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
৩৫ বছর পর রাষ্ট্রপতি পদে ভোট
১৯৯১ সালে সংসদীয় পদ্ধতির সরকারব্যবস্থা চালুর পর ওই বছরই সর্বশেষ রাষ্ট্রপতি পদে ভোট হয়েছিল। সেবার বিএনপির প্রার্থী আবদুর রহমান বিশ্বাস ১৭২ ভোট পেয়ে নির্বাচিত হন। আওয়ামী লীগের প্রার্থী সাবেক প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরী পেয়েছিলেন ৯২ ভোট।
এরপর দীর্ঘ ৩৫ বছর রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ভোটের প্রয়োজন হয়নি। এবার জাতীয় সংসদে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা থাকায় দলটির মনোনীত প্রার্থীর জয় অনেকটাই নিশ্চিত বলে মনে করা হচ্ছে। তবে বিরোধী দল জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী দেওয়ায় এবার রাষ্ট্রপতি নির্বাচনে ভোট গ্রহণ হতে যাচ্ছে।
ভোট দেবেন ৩৪৯ সংসদ সদস্য
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদের মোট ৩৪৯ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারবেন। ৩০০ সাধারণ আসনের মধ্যে একটি আসনে প্রার্থিতা বাতিল রয়েছে। এ ছাড়া সংরক্ষিত নারী আসনে রয়েছেন ৫০ জন সংসদ সদস্য।
ভোটারদের মধ্যে বিএনপির সংসদ সদস্য ২৪৭ জন এবং জামায়াতের ৭৭ জন। এ ছাড়া স্বতন্ত্র আটজন, এনসিপির আটজন, বাংলাদেশ খেলাফত মজলিসের তিনজন এবং ইসলামী আন্দোলন, বিজেপি, গণসংহতি আন্দোলন, গণপরিষদ, খেলাফত মজলিস ও জাগপার একজন করে সংসদ সদস্য রয়েছেন।
নির্বাচন কমিশন জানিয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন, ২০ আগস্টের ভোটগ্রহণ কার্যক্রম সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে এবং সাংবাদিকদের জন্যও সংসদে বসার ব্যবস্থা করা হবে।
0 মন্তব্য