৫ আগস্ট গণ-অভ্যুত্থান দিবস ও ১৫ আগস্টকে ঘিরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। এরই মধ্যে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় বিজিবির সদস্যরা টহল শুরু করেছেন।
জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, বিজিবির পাশাপাশি জেলা পুলিশ, ৮ প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এবং ৫ প্লাটুন রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) সমন্বিতভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছে। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে যৌথ টহল, চেকপোস্ট পরিচালনা এবং নজরদারি জোরদার করা হয়েছে।
এ ছাড়া গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে এবং সার্বক্ষণিক টহল অব্যাহত রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, গোপালগঞ্জ একটি গুরুত্বপূর্ণ জেলা হওয়ায় সম্ভাব্য সব পরিস্থিতি বিবেচনায় রেখে আগাম নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক রয়েছে।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করা হবে।
0 মন্তব্য