সৌদি আরব ও যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক জ্বালানির ব্যবহার নিয়ে একটি সহযোগিতা চুক্তি সই করেছে। বুধবার সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় এ তথ্য জানায়।‘১২৩ এগ্রিমেন্ট’ নামে পরিচিত এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র অন্য কোনো দেশের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা করতে পারে। চুক্তিতে সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুলআজিজ বিন সালমান এবং মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট স্বাক্ষর করেন। একই সঙ্গে ট্রাম্প প্রশাসন ‘দ্বিপক্ষীয় নিরাপত্তা সুরক্ষা চুক্তি’ (Bilateral Safeguards Agreement) সইয়ের কথাও জানায়।
সৌদি জ্বালানি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, এই চুক্তি দুই দেশের দীর্ঘদিনের কৌশলগত অংশীদারত্বকে আরও শক্তিশালী করবে। গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্র সফরকালে যুবরাজ মোহাম্মদ বিন সালমান শান্তিপূর্ণ পারমাণবিক জ্বালানি ব্যবহারে দুই দেশের আলোচনার সফল সমাপ্তির ঘোষণা দিয়েছিলেন।
মন্ত্রণালয় আরও জানায়, নতুন এই চুক্তির মাধ্যমে জ্বালানি ও উন্নত প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়বে। পাশাপাশি দুই দেশের মধ্যে অভিজ্ঞতা, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় সহজ হবে এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পারমাণবিক নিরাপত্তা, সুরক্ষা ও অস্ত্র বিস্তার রোধে (নন-প্রলিফারেশন) সহযোগিতা জোরদার হবে।
মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট বলেন, “এই চুক্তিগুলো যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি উভয় দেশের সমৃদ্ধি এবং মিত্রদের নিরাপত্তা নিশ্চিত করার যৌথ অঙ্গীকারের প্রতিফলন।
সূত্র : আরব নিউজ
0 মন্তব্য