২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ইরান। তবে দলে জায়গা হয়নি জাতীয় দলের অন্যতম সফল ফরোয়ার্ড সারদার আজমুনের। ভিসা জটিলতা ও যুক্তরাষ্ট্রে প্রবেশ নিয়ে অনিশ্চয়তার মধ্যেই সোমবার দল ঘোষণা করেন প্রধান কোচ আমির ঘালেনোই।
দলে রয়েছেন অভিজ্ঞ ফরোয়ার্ড মেহদি তারেমি এবং উইঙ্গার আলিরেজা জাহানবাখশ। তবে আন্তর্জাতিক ফুটবলে ৯১ ম্যাচে ৫৭ গোল করা আজমুনকে প্রাথমিক দলেও রাখা হয়নি, চূড়ান্ত দলেও জায়গা হয়নি তার।
এমনকি ইরানের ভাইস প্রেসিডেন্ট আবদুলকারিম হোসেইনজাদেহ তাকে দলে ফেরানোর আহ্বান জানিয়েছিলেন। তবুও সিদ্ধান্ত পরিবর্তন করেননি কোচ। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল-আহলিতে খেলছেন আজমুন। স্থানীয় সংবাদমাধ্যমের দাবি, সরকারের প্রতি ‘আনুগত্যহীনতার’ অভিযোগে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছে।
৩৩ বছর বয়সী তারেমি বর্তমানে গ্রিসের ক্লাব অলিম্পিয়াকোসে খেলছেন। ইংল্যান্ডের ক্লাব ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়নের সাবেক তারকা জাহানবাখশও আক্রমণভাগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।
আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে। তবে গ্রুপ পর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হওয়ার কথা। এখন পর্যন্ত দেশটির কোনো ফুটবলার যুক্তরাষ্ট্রের ভিসা পাননি বলে জানা গেছে।
নিরাপত্তা ও যাতায়াতসংক্রান্ত অনিশ্চয়তার কারণে ইরান কয়েক মাস ধরে উদ্বেগে ছিল। শুরুতে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যে অনুশীলন ক্যাম্প নির্ধারণ করা হলেও পরে ইরানের আবেদনের পর আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফা তা পরিবর্তন করে। এখন দলটি মেক্সিকোর সীমান্তবর্তী শহর তিহুয়ানায় ক্যাম্প করবে।
গ্রুপ পর্বে ১৫ জুন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান। ২১ জুন একই ভেন্যুতে বেলজিয়ামের মুখোমুখি হবে তারা। এরপর ২৬ জুন সিয়াটলে মিশরের বিপক্ষে খেলবে এশিয়ার অন্যতম শক্তিশালী দলটি।
ইরানের পূর্ণ স্কোয়াড:
গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, সৈয়দ হোসেইন হোসেইনি, পায়াম নিয়াজমান্দ।
ডিফেন্ডার: দানিয়াল এইরি, এহসান হাজসাফি, সালেহ হার্দানি, হোসেইন কানায়ানি, শোজা খালিলজাদেহ, মিলাদ মোহাম্মাদি, আলি নেমাতি, রামিন রেজায়িয়ান।
মিডফিল্ডার: রুজবেহ চেশমি, সাইদ এজাতোলাহি, মেহদি ঘায়েদি, সামান ঘোদ্দোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবি, আমির মোহাম্মদ রাজ্জাঘিনিয়া, মেহদি তোরাবি, আরিয়া ইউসেফি।
ফরোয়ার্ড: আলি আলিপুর, ডেনিস দারগাহি, আমিরহোসেইন হোসেইনজাদেহ, মেহদি তারেমি, শাহরিয়ার মোঘানলু।
0 মন্তব্য