দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের কারণে সাতটি নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে করে হাওরাঞ্চলে বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
সোমবার (৪ মে) পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
পাউবোর তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নেত্রকোনা জেলার জারিয়াজঞ্জাইলে ৭৪ মিলিমিটার, হবিগঞ্জে ৭৪ মিলিমিটার এবং চাঁদপুর-বাগানে ৬১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
সকাল ৯টার তথ্য অনুসারে, উত্তর-পূর্বাঞ্চলের হাওর বেসিনের তিনটি জেলার সাতটি নদীর আটটি স্টেশন প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পূর্বাভাসে বলা হয়, সুনামগঞ্জের নলজুর নদী জগন্নাথপুর পয়েন্টে ১১ সেন্টিমিটার বেড়ে ৪০ সেন্টিমিটার ওপরে রয়েছে। নেত্রকোনার ধনু-বাউলাই নদী জারিয়াজঞ্জাইলে ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৮ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে। একই জেলায় সোমেশ্বরী নদী ১৪ সেন্টিমিটার কমলেও কলমাকান্দায় এখনও ৫০ সেন্টিমিটার ওপরে রয়েছে।
এছাড়া ভুগাই-কংশ নদী ২২ সেন্টিমিটার কমে জারিয়াজঞ্জাইলে ৬৭ সেন্টিমিটার ওপরে, মগরা নদী নেত্রকোনায় ৫ সেন্টিমিটার বেড়ে ৭৯ সেন্টিমিটার ওপরে এবং আটপাড়ায় ২৭ সেন্টিমিটার ওপরে রয়েছে।
হবিগঞ্জের কালনি নদী রিগঞ্জ আজমি পয়েন্টে ১৫সেন্টিমিটার বেড়ে ১০ সেন্টিমিটার ওপরে এবং সুতাং নদী সুতাং রেলব্রিজ এলাকায় ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ৮৩ সেন্টিমিটার ওপরে প্রবাহিত হচ্ছে।
এদিকে সুনামগঞ্জের হাওরাঞ্চলে নদীগুলোর পানির স্তর ঘণ্টায় শূন্য থেকে ১ সেন্টিমিটার হারে ধীরগতিতে বাড়ছে।
ভারতের আবহাওয়া বুলেটিনে জানা গেছে, মেঘালয় ও আসামে মাঝারি থেকে মাঝারি-ভারী বৃষ্টিপাত হয়েছে। চেরাপুঞ্জিতে ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা উজান থেকে পানির প্রবাহ বাড়াতে পারে।
0 মন্তব্য