মৎস্যসম্পদ বৃদ্ধি ও প্রাকৃতিক জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে সিরাজগঞ্জের সলঙ্গায় গাঢ়ুদহ নদীতে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে সলঙ্গা গার্লস স্কুল পয়েন্ট এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নদীর উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেন রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য ভিপি আয়নুল হক।
পরে অতিথিরা গাঢ়ুদহ নদীতে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন।
এ সময় রায়গঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস হোসেন, সলঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি মতিয়ার রহমান সরকার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার ও মারুফ হাসান খোকন, সহ-সভাপতি শহিদুল ইসলাম মজনু, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ সরকার ও আব্দুল মজিদ খান, সলঙ্গা থানা বিএনপির সাবেক উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছলাম আলীসহ গণমাধ্যমকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, নদী ও উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলজ জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0 মন্তব্য