সম্প্রতি বাংলাদেশে শিশুদের ওপর সংঘটিত বর্বরতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ।
সংস্থাটি বলেছে, শিশুদের বিরুদ্ধে এমন নির্মমতা দেখে তারা গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত। একই সঙ্গে শিশুদের প্রতি সহিংসতা বন্ধে অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি বন্ধ করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি রানা ফ্লাওয়ার্স এক বিবৃতিতে এসব কথা বলেন।
শুক্রবার ইউনিসেফের ওয়েবসাইটে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়, চলতি বছর বাংলাদেশে নারী ও শিশুদের ওপর নির্মম ও যৌন সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। এ পরিস্থিতিতে দেশজুড়ে শিশু ও জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধব্যবস্থা আরও শক্তিশালী করা জরুরি।
বিবৃতিতে বলা হয়, প্রতিরোধব্যবস্থা, অভিযোগ দায়েরের প্রক্রিয়া, প্রাতিষ্ঠানিক সুরক্ষা, শিশুবান্ধব পুলিশ ও বিচারব্যবস্থা এবং সামাজিক সেবার বিদ্যমান ঘাটতিগুলো দ্রুত দূর করতে হবে।
শিশু, নারী, পরিবার ও সমাজের যেকোনো ধরনের সহিংসতা ও নির্যাতনের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে ইউনিসেফ বলেছে, সমাজে নীরবতা বজায় থাকলে সহিংসতা আরও বিস্তার লাভ করে।
এই ধরনের পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা ও প্রয়োজনীয় সেবা পেতে চাইল্ড হেল্পলাইন ১০৯৮ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া নির্যাতনের শিকার নারী ও শিশুদের মর্যাদা রক্ষায় তাদের ছবি, ভিডিও বা ব্যক্তিগত তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার না করার আহ্বান জানিয়েছে ইউনিসেফ।
বিবৃতিতে আরও বলা হয়, নির্যাতনের শিকার নারী ও শিশুদের ছবি, ভিডিও বা ব্যক্তিগত তথ্য অনলাইনে ছড়িয়ে দেওয়া এক ধরনের নতুন নির্যাতন। যারা এসব শেয়ার করেন, তারা ভুক্তভোগী ও তাদের পরিবারের মানসিক কষ্ট আরও বাড়িয়ে দেন এবং তাদের প্রতি চরম অসম্মান প্রদর্শন করেন।
0 মন্তব্য