সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে বড় জয় পেয়েছেন বিএনপি–সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীরা। সভাপতি ও সম্পাদকসহ ১৪টি পদের মধ্যে ১৩টিতেই জয় পেয়েছে নীল প্যানেল। বাকি একটি সদস্য পদে বিজয়ী হয়েছেন জামায়াত সমর্থিত সবুজ প্যানেলের প্রার্থী।
দুই দিনব্যাপী ভোটগ্রহণ শেষে বুধবার রাত থেকে ভোট গণনা শুরু হয়। পরে বৃহস্পতিবার গভীর রাতে ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা উপকমিটির আহ্বায়ক অবসরপ্রাপ্ত বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী।
ঘোষিত ফল অনুযায়ী, সভাপতি পদে বিএনপি সমর্থিত নীল প্যানেলের প্রার্থী এ এম মাহবুব উদ্দিন খোকন ২ হাজার ৯৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের আব্দুল বাতেন পেয়েছেন ৭৭৮ ভোট।
সম্পাদক পদে নীল প্যানেলের মোহাম্মদ আলী ২ হাজার ৫৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী সবুজ প্যানেলের এ কে এম রেজাউল করিম খন্দকার পেয়েছেন ৭৮৬ ভোট।
সহ-সভাপতির দুটি পদে নির্বাচিত হয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। কোষাধ্যক্ষ পদে জয় পেয়েছেন মো. জিয়াউর রহমান। সহ-সম্পাদকের দুটি পদে নির্বাচিত হয়েছেন মাকসুদ উল্লাহ এবং মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল।
কার্যনির্বাহী কমিটির সাত সদস্য পদের মধ্যে ছয়টিতে জয় পেয়েছে নীল প্যানেল। বিজয়ীরা হলেন এইচ এম সানজিদ সিদ্দিকী, এ কে এম আজাদ হোসেন, ওয়াহিদ আফরোজ চৌধুরী, মো. কবির হোসেন, মো. জিয়া উদ্দিন মিয়া ও মো. টিপু সুলতান। অন্য একটি সদস্য পদে জয় পেয়েছেন সবুজ প্যানেলের আজিম উদ্দিন পাটোয়ারী।
এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৯৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪ হাজার ৪৮ জন আইনজীবী। ১৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৪০ জন প্রার্থী।
নির্বাচনে বিএনপি, জামায়াত ও এনসিপি সমর্থিত প্যানেল অংশ নিলেও আওয়ামী লীগপন্থি আইনজীবীরা অংশ নিতে পারেননি। গত ২৬ এপ্রিল বিশেষ সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে তাদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ বন্ধ করা হয়। আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা এ সিদ্ধান্তকে অগণতান্ত্রিক ও বেআইনি বলে দাবি করেছেন।
সমিতির ইতিহাসে এবারই প্রথম আওয়ামীপন্থি সাদা প্যানেল নির্বাচনের বাইরে থাকল।
0 মন্তব্য