রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠনের সম্ভাব্য তৎপরতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন কার্যক্রম নজরদারিতে রেখে নগরজুড়ে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শনিবার (১৬ মে) দিবাগত রাতে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
ডিএমপির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাতে ডিএমপির কন্ট্রোল রুম থেকে রাজধানীর সব থানায় বিশেষ বার্তা পাঠানো হয়েছে। এতে নগরজুড়ে নিরাপত্তা আরও কঠোর করার পাশাপাশি ভোরের সময় অলিগলি ও গুরুত্বপূর্ণ সড়কে অতিরিক্ত টহল ও নজরদারি বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, ১৭ মে পলাতক শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নিষিদ্ধঘোষিত সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি পালনের আশঙ্কা রয়েছে। এ কারণে সম্ভাব্য অপরাধমূলক ও অবৈধ কার্যক্রম প্রতিহত করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।
সূত্র আরও জানায়, শনিবার ভোর সাড়ে ৪টার দিকে বনানী থানাধীন ঢাকা-ময়মনসিংহ সড়কে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠনের পোস্টার ও লিফলেটসহ মো. আশিক তপেদার (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
রাজধানীজুড়ে পুলিশের সতর্কতা প্রসঙ্গে ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, কোনো রাজনৈতিক নিষিদ্ধ দলের দিবস আছে কি না, সেটি মুখ্য বিষয় নয় এবং বর্তমানে কোনো ধরনের হুমকিও নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষ করে ফেসবুকে নানা ধরনের বিষয়বস্তু নজরে এসেছে। যেকোনো অপরাধমূলক অপতৎপরতা ঠেকাতে পুলিশ সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে কাজ করছে বলেও জানান তিনি।
0 মন্তব্য