এইচএসসি ও সমমানের পরীক্ষা ঘিরে চলমান শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে একটি গোষ্ঠী পরিস্থিতিকে কাজে লাগিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সচিবালয়ে পুলিশের প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করতে চায়, এমন একটি গোষ্ঠী রয়েছে, যারা শিক্ষার্থীদের আন্দোলনের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।
তিনি বলেন, সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই নির্ধারিত দিনে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থী পরীক্ষা দিতে না পারলে, তাদের জন্য পুনরায় পরীক্ষা নেওয়া হবে। একই সঙ্গে ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রের ঘটনায় তদন্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাঁর দাবি, এ সিদ্ধান্তে পরীক্ষার্থীরাও সন্তুষ্ট।
সালাহউদ্দিন আহমদ বলেন, এসব বিষয়কে আমরা এতটা গুরুত্ব দিয়ে দেখছি না। যারা এসব নিয়ে কথাবার্তা বলছেন, তারা সংখ্যায় খুব বেশি নন। সরকারও এসব বিষয়ে অতিরিক্ত মনোযোগ দিচ্ছে না।
অন্তর্বর্তী সরকারের সময় শিক্ষার্থীদের আন্দোলনের প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সে সময় সচিবালয়ে ঢুকে আন্দোলনের মাধ্যমে পরীক্ষা স্থগিত করা এবং বিনা পরীক্ষায় পাসের মতো ঘটনা ঘটেছিল। তখন সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি।
তিনি আরও বলেন, আমরা নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে চাই। দেশের শিক্ষার মান অনেক নিচে নেমে গিয়েছিল। তাই নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করে শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করছে।
0 মন্তব্য