শেষ পর্যন্ত সব শঙ্কা পেছনে ফেলে ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি ঘোষিত ৫৫ সদস্যের প্রাথমিক দলে জায়গা করে নিয়েছেন নেইমার জুনিয়র।
তবে চোটের কারণে বড় ধাক্কা খেয়েছেন ব্রাজিলের উদীয়মান ফরোয়ার্ড এস্তেভাও, যিনি দলে জায়গা পাননি।
ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ফিফার কাছে জমা দেওয়া ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে নেইমারের নাম থাকলেও এস্তেভাওকে রাখা হয়নি। গত ১৮ এপ্রিল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে ডান উরুর পেশিতে চোট পান এই চেলসি ফরোয়ার্ড।
শুরুর দিকে ধারণা করা হয়েছিল, ১৯ বছর বয়সী এস্তেভাও বিশ্বকাপের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু ব্রাজিল ও চেলসির মেডিকেল টিম শেষ পর্যন্ত তার শতভাগ ফিটনেস নিশ্চিত করতে পারেনি।
প্রতিবেদন অনুযায়ী, এস্তেভাও নিজেও বুঝতে পেরেছিলেন বিশ্বকাপে খেলার সম্ভাবনা খুবই কম। গত সপ্তাহে চিকিৎসার জন্য সাবেক ক্লাব পালমেইরাসে যাওয়ার সময় তাকে বেশ হতাশ দেখানো হয় বলেও জানা গেছে।
ফিফার নিয়ম অনুযায়ী, ১১ মে’র মধ্যে সব দলকে ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড জমা দিতে হয়। এই তালিকা প্রকাশ করা না হলেও এখান থেকেই পরবর্তীতে চূড়ান্ত ২৬ সদস্যের দল নির্বাচন করা হবে।
অন্যদিকে, ৩৪ বছর বয়সী নেইমার আবারও বিশ্বকাপে ফেরার পথে বড় একটি ধাপ এগিয়ে গেলেন। ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই ফরোয়ার্ডকে প্রাথমিক দলে রেখেছেন আনচেলত্তি। তার অধীনে দায়িত্ব নেওয়ার পর ব্রাজিলের কোনো স্কোয়াডেই জায়গা পাননি নেইমার, ফলে এবার তার প্রত্যাবর্তন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
এস্তেভাওকে বিশ্বকাপ দলে প্রায় নিশ্চিত হিসেবেই ধরা হচ্ছিল। আনচেলত্তিও তরুণ এই ফরোয়ার্ডের বড় ভক্ত হিসেবে পরিচিত ছিলেন। গত গ্রীষ্মে প্রায় ২৯ মিলিয়ন পাউন্ডে পালমেইরাস থেকে চেলসিতে যোগ দেন তিনি। এরপর সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৬ ম্যাচে ৮ গোল করেছেন।
এস্তেভাও ছাড়াও গুরুতর চোটের কারণে বিশ্বকাপ মিস করার শঙ্কায় আছেন রিয়াল মাদ্রিদের দুই তারকা এদের মিলিতাও ও রদ্রিগো। আনচেলত্তির পরিকল্পনায় তারাও গুরুত্বপূর্ণ অংশ ছিলেন।
0 মন্তব্য