ওয়েম্বলির ফাইনালে এক মুহূর্তের জাদুতেই বদলে গেল পুরো ম্যাচের গল্প। ঘানাইয়ান ফরোয়ার্ড আন্তোয়ান সেমেনিওর দুর্দান্ত ফ্লিক গোলে ম্যানচেস্টার সিটি ১-০ ব্যবধানে হারিয়েছে চেলসিকে।
এই জয়ে চলতি মৌসুমে নিজেদের দ্বিতীয় শিরোপা জিতল ম্যানচেস্টার সিটি এবং ট্রেবল জয়ের স্বপ্নও টিকিয়ে রাখল পেপ গার্দিওলার দল।
শনিবার ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালের প্রথমার্ধ ছিল বেশ নিষ্প্রভ। রক্ষণাত্মক কৌশলে খেলতে থাকা চেলসি সিটিকে জায়গা দিচ্ছিল না, আবার সিটির খেলাতেও ছিল না পরিচিত গতিময়তা। ফলে দর্শকদের অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধ পর্যন্ত।
প্রথমার্ধেই অবশ্য গোলের দেখা পেয়েছিলেন আর্লিং হলান্ড। তবে বিল্ড-আপে মাথেউস নুনেস অফসাইডে থাকায় সেটি বাতিল করেন রেফারি। বিরতির আগে আরও একটি সুযোগ পেয়েছিলেন হলান্ড, কিন্তু তাঁর শট সহজেই আটকে দেন রবার্ট সানচেজ।
দ্বিতীয়ার্ধে ম্যাচে গতি বাড়ে। একদিকে ময়জেস কাইসেদোর হেড গোললাইন থেকে ক্লিয়ার করেন রদ্রি, অন্যদিকে ব্যাক পোস্টে ফাঁকা সুযোগ পেয়েও হেড মিস করেন সেমেনিও।
তবে ৭২ মিনিটে আর ভুল করেননি তিনি। আর্লিং হলান্ড ও বার্নার্দো সিলভার দারুণ সমন্বয় থেকে পাওয়া বলে চোখধাঁধানো ফ্লিক করে জালের দেখা পান সেমেনিও। সেই এক গোলেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।
গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে চেলসি। এনজো ফার্নান্দেজ দারুণ এক ভলি নিলেও বল অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।
শেষ দিকে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল সিটি। কিন্তু মাথেউস নুনেস ও রায়ান চেরকির প্রচেষ্টা ঠেকিয়ে দেন সানচেজ। তবুও শেষ হাসি হাসে ম্যানচেস্টার সিটি। ক্লাবটির ইতিহাসে এটি অষ্টম এফএ কাপ শিরোপা এবং গার্দিওলার অধীনে ২০তম ট্রফি।
0 মন্তব্য