চট্টগ্রামের সাতকানিয়ায় ছুরিকাঘাতে মোহাম্মদ হামিম (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মো. রোহান উদ্দিন (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার কেরানীহাট সিটি সেন্টার এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত হামিম উপজেলার ছদাহা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আফজল নগর গ্রামের বাসিন্দা ফরিদুল আলমের ছেলে। অন্যদিকে গ্রেপ্তার রোহান উদ্দিন একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সৈয়দাবাদ কাজীরখীল এলাকার বাসিন্দা।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, কিশোর গ্যাংয়ের বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ জানায়, হামিমের সঙ্গে রোহানের আগে থেকেই বিরোধ ছিল। এর জেরে কেরানীহাট সিটি সেন্টার এলাকায় হামিমকে ছুরিকাঘাত করেন রোহান।
ছুরিকাঘাতে গুরুতর আহত হামিমকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ কী এবং এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
0 মন্তব্য