মশিউর সিকিউরিটিজ লিমিটেডের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের যাচাইকৃত দাবি নিষ্পত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গতকাল বিএসইসির চেয়ারম্যান মাসুদ খানের স্বাক্ষরে জারি করা আদেশে বলা হয়, মশিউর সিকিউরিটিজ বিনিয়োগকারীদের অর্থ ও সিকিউরিটিজের উল্লেখযোগ্য পরিমাণ আত্মসাৎ করেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের দাবি গ্রহণ ও যাচাই করেছে ডিএসই।
বিএসইসির নির্দেশ অনুযায়ী, প্রচলিত আইন ও বিধি-বিধান অনুসরণ করে যাচাইকৃত দাবি ডিএসইর ইনভেস্টরস প্রোটেকশন ফান্ড থেকে নিষ্পত্তি করতে হবে। নতুন কোনো দাবি এলে তা যাচাই করতে হবে এবং প্রয়োজনীয় কাগজপত্র না থাকলে দাবিদারকে তা জমা দেওয়ার সুযোগ দিতে হবে। তবে মিথ্যা, প্রতারণামূলক বা অগ্রহণযোগ্য দাবি কারণ উল্লেখ করে প্রত্যাখ্যান করতে হবে।
মশিউর সিকিউরিটিজ থেকে আত্মসাৎ করা অর্থ, সিকিউরিটিজ বা অন্যান্য সম্পদ উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ও নিয়ন্ত্রক ব্যবস্থা গ্রহণ অব্যাহত রাখারও নির্দেশ দিয়েছে কমিশন। উদ্ধার হওয়া অর্থ থেকে পরবর্তী সময়ে ইনভেস্টরস প্রোটেকশন ফান্ডে বিতরণ করা অর্থ ফেরত দিতে হবে।
তবে দাবি নিষ্পত্তির ফলে মশিউর সিকিউরিটিজ, এর পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা বা দায়ী অন্য ব্যক্তিদের বিরুদ্ধে চলমান বা ভবিষ্যতের দেওয়ানি, ফৌজদারি কিংবা নিয়ন্ত্রক কার্যক্রমে কোনো প্রভাব পড়বে না। একইভাবে, অর্থ বা সিকিউরিটিজ পাওয়ার মাধ্যমে কোনো ব্যক্তি দায়মুক্তি পাবেন না এবং আইন অনুযায়ী অন্যান্য প্রতিকার চাওয়ার অধিকারও অক্ষুণ্ন থাকবে।
এ বিষয়ে ডিএসইর চিফ রেগুলেটরি অফিসার (সিআরও) মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘এখনো আমরা চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিইনি। আগামীকাল মঙ্গলবার বোর্ড মিটিংয়ে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া ভেরিফিকেশনের একটি বিষয় আছে। সেটি হওয়ার পর আমরা টাকা দেওয়ার ব্যবস্থা করব।’
এদিকে, মশিউর সিকিউরিটিজ লিমিটেডের ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ঐক্য পরিষদের সদস্য মেজবাহ উদ্দিন আহমেদ জুয়েল জানান, বিএসইসির নির্দেশনা দ্রুত বাস্তবায়নের বিষয়ে মঙ্গলবার ডিএসইর সঙ্গে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের বৈঠক হওয়ার কথা রয়েছে। ওই বৈঠকে বিনিয়োগকারীদের অর্থ কত দিনের মধ্যে ফেরত দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।
0 মন্তব্য