চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজকে ফোন করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তালিকাভুক্ত সন্ত্রাসী মো. রায়হান। প্রায় ১০ মিনিটের ফোনালাপে পুলিশ কর্মকর্তা তাকে নিরাপত্তার আশ্বাস দিয়ে আত্মসমর্পণের আহ্বান জানালেও তাতে সাড়া দেননি রায়হান। উল্টো পুলিশ তাকে খুঁজে পাবে না বলে চ্যালেঞ্জ করেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপে কথোপকথনের ৯ মিনিট ৫২ সেকেন্ডের একটি অডিও প্রকাশ করেন রায়হান। পরে অডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
প্রকাশিত অডিওতে শোনা যায়, পুলিশ কর্মকর্তা কাজী মো. তারেক আজিজ বারবার রায়হানকে আত্মসমর্পণের আহ্বান জানাচ্ছেন। এ সময় তিনি নিরাপত্তার আশ্বাস দিয়ে বলেন, আত্মসমর্পণ করলে রায়হানের বিরুদ্ধে আগে থেকে থাকা মামলাগুলোর বাইরে নতুন করে কোনো মামলা দেওয়া হবে না।
তবে পুলিশ কর্মকর্তার আহ্বানে সুনির্দিষ্ট সম্মতি না দিয়ে নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান রায়হান। একপর্যায়ে তারেক আজিজ বলেন, ‘আপনি আসেন, আমি আপনার নিরাপত্তার ব্যবস্থা করব। আপনার আত্মসমর্পণের ব্যবস্থা করব। সমস্যা নেই।’
জবাবে রায়হান আত্মসমর্পণের ইচ্ছা থাকার কথা জানালেও আগের একটি ঘটনার কথা তুলে ধরেন। তার দাবি, এর আগে আত্মসমর্পণের উদ্যোগ নিয়েও সমস্যায় পড়েছিলেন তিনি। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলমের সঙ্গে তার কথোপকথনের বিষয়টি আত্মসমর্পণের আগেই ফাঁস হয়ে যায়। এরপর তাকে নিয়ে ঝামেলা তৈরি হয় এবং তার ভাই তার কাছ থেকে সব অস্ত্র নিয়ে নেন।
ফোনালাপে নিজের অবস্থান গোপন রাখার বিষয়ে আত্মবিশ্বাসের কথাও জানান রায়হান। তিনি দাবি করেন, পুলিশের একাধিক সদস্য তার অবস্থান সম্পর্কে খোঁজখবর রাখেন। তবে পুলিশ তাকে খুঁজে পাবে না। এমনকি হোয়াটসঅ্যাপ নম্বরের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করার চেষ্টার কথাও পুলিশ কর্মকর্তাকে বলেন তিনি।
একপর্যায়ে রায়হান দাবি করেন, পুলিশের অভিযানের সময় তাদের গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছেন তিনি। পুলিশের চোখ ফাঁকি দিয়ে ‘হাওয়া হয়ে গেছেন’ বলেও মন্তব্য করেন। কথোপকথনের একপর্যায়ে তাকে রসিকতা করে ‘ক্রিম মেখে সুন্দর’ হওয়ার কথা বলতে শোনা যায়। এ সময় পুলিশ কর্মকর্তার পরিবারের সদস্যদের খোঁজখবরও নেন তিনি।
পুলিশের তথ্য অনুযায়ী, রায়হানের বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অস্ত্র আইনে মোট ১৫টি মামলা রয়েছে। বিদেশি হোয়াটসঅ্যাপ নম্বর ব্যবহার করে নগর ও জেলার বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, চাঁদা না পেলে তার সহযোগীরা বিভিন্ন স্থানে গুলি চালান।
প্রায় ১০ মিনিটের এই ফোনালাপে একদিকে পুলিশ কর্মকর্তার আত্মসমর্পণের আহ্বান, অন্যদিকে রায়হানের অবস্থান শনাক্ত করা অসম্ভব বলে দাবি—দুই পক্ষের কথোপকথন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
0 মন্তব্য