বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের নিয়মে পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন নির্দেশনা অনুযায়ী, এসব কমিটির সভাপতি হওয়ার সাধারণ শিক্ষাগত যোগ্যতা হতে হবে ন্যূনতম স্নাতক বা সমমান। তবে বিশেষ ক্ষেত্রে শিক্ষার প্রসার ও উন্নয়নে কোনো ব্যক্তির বিশেষ অবদান বা যোগ্যতা বিবেচনায় এ শর্ত শিথিল করতে পারবে সরকার।
একই সঙ্গে পুনর্গঠিত গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও অ্যাডহক কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে অন্তত একজন নারী থাকতে হবে।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক পরিপত্রে এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে চলতি বছরের মার্চে অ্যাডহক কমিটি গঠনের ক্ষেত্রেও একই ধরনের বিধান রাখা হয়েছিল।
নতুন পরিপত্রে বলা হয়েছে, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসহ দেশের ৯টি শিক্ষা বোর্ডের আওতাধীন বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনে সংশ্লিষ্ট প্রবিধানমালা অনুসরণ করতে হবে। এ ক্ষেত্রে ২০২৪ সালের প্রবিধানমালার ২০২৫ সালের ৩১ আগস্টের সংশোধনী অনুযায়ী ঢাকা শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৫(২) এবং অন্যান্য শিক্ষা বোর্ডের ক্ষেত্রে ৭৪(২) প্রবিধি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিপত্র অনুযায়ী, গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি হতে হলে সাধারণভাবে প্রার্থীকে ন্যূনতম স্নাতক বা সমমান পাস হতে হবে। তবে বিশেষ ক্ষেত্রে শিক্ষার প্রসার ও উন্নয়নে ব্যক্তির বিশেষ অবদান বা যোগ্যতা বিবেচনা করে সরকার এ শর্ত শিথিল করতে পারবে।
সভাপতি মনোনয়নে যাঁরা বিবেচিত হবেন
গভর্নিং বডির সভাপতি মনোনয়নের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের মাধ্যমে তিনজন সম্ভাব্য ব্যক্তির নাম ও জীবনবৃত্তান্ত শিক্ষা বোর্ডে পাঠাতে হবে। মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার এবং অন্যান্য এলাকায় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জেলা প্রশাসকের মাধ্যমে এ প্রস্তাব পাঠানোর ব্যবস্থা করতে হবে।
সম্ভাব্য ব্যক্তিদের মধ্যে থাকবেন সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত কিংবা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী, শিক্ষায় আগ্রহী খ্যাতিমান ব্যক্তি, সমাজসেবক এবং বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতারা। প্রস্তাবিত তিনজনের মধ্য থেকে একজনকে সভাপতি হিসেবে মনোনীত করবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড।
অন্যদিকে, ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনের ক্ষেত্রে সভায় উপস্থিত নির্বাচিত সদস্যদের সংখ্যাগরিষ্ঠ ভোটের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা পূরণ সাপেক্ষে নির্বাচিত সদস্যদের মধ্য থেকে অথবা সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মরত বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তা, অবসরপ্রাপ্ত শিক্ষাবিদ, স্থানীয় শিক্ষানুরাগী, খ্যাতিমান ব্যক্তি, সমাজসেবক কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতাদের মধ্য থেকে সভাপতি নির্বাচন করা যাবে।
কমিটিতে থাকবেন তিনজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি
পরিপত্রে পুনর্গঠিত গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও অ্যাডহক কমিটিতে স্থানীয় পর্যায়ের তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজন নারী প্রতিনিধি থাকা বাধ্যতামূলক।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কমিটির সভাপতি বা আহ্বায়ক ওই তিনজনকে সদস্য হিসেবে মনোনয়ন নিশ্চিত করবেন।
শিক্ষা মন্ত্রণালয়ের এ নির্দেশনার ফলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠন এবং সভাপতি নির্বাচনের প্রক্রিয়ায় নতুন নিয়ম কার্যকর হতে যাচ্ছে। এতে সভাপতি মনোনয়নের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি শিক্ষাক্ষেত্রে অবদান ও স্থানীয় পর্যায়ের অভিজ্ঞ ব্যক্তিদের অংশগ্রহণের বিষয়টিও গুরুত্ব পাবে।
0 মন্তব্য