বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মোতাবেক পানছড়ি উপজেলায় ক্যাশলেস ‘এক দেশ এক কিউআর’ বা ‘বাংলা কিউআর’ ব্যবস্থা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ নম্বর পানছড়ি ইউনিয়ন পরিষদ অডিটোরিয়াম হলরুমে পূবালী ব্যাংক পিএলসি পানছড়ি শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংকের ডেপুটি জুনিয়র অফিসার অঞ্জন সাহার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি চট্টগ্রাম উত্তর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার (ডিজিএম) এম কে এম মাসুদ। বিশেষ অতিথি ছিলেন পূবালী ব্যাংক খাগড়াছড়ি শাখার এডিএম মো. ইকবাল হোসাইন।
এছাড়া উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. ইসমাইল, ৩ নম্বর পানছড়ি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম, স্থানীয় ব্যবসায়ী এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় বক্তারা বলেন, ‘বাংলা কিউআর’ দেশের আর্থিক লেনদেন ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও ডিজিটাল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীসহ সাধারণ মানুষ স্মার্টফোন ব্যবহার করে দ্রুত ও নিরাপদে লেনদেন করতে পারবেন।
পুবালী ব্যাংক পানছড়ি শাখায় প্রায় তিন হাজার গ্রাহকের মাঝে দুই শতাধিক বাংলা কিউআর গ্রাহক রয়েছে যারা স্মার্টফোনের মাধ্যমে দ্রুত ও নিরাপদে লেনদেন করে থাকেন বলে ব্যাংক সুত্রে জানা গেছে।
0 মন্তব্য