ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দীর্ঘদিন ক্যান্সার ও জন্ডিসে ভুগে অসহ্য যন্ত্রণা সইতে না পেরে বিষাক্ত কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন নোয়াব মোল্লা (৯০) নামে এক বৃদ্ধ। বুধবার (১২ আগস্ট) বিকেল ৫টার দিকে ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নোয়াব মোল্লা নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের কুন্ডা গ্রামের মোল্লাবাড়ির মৃত ওসমান মোল্লার ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে অসুস্থতাজনিত কষ্টের মধ্যে নোয়াব মোল্লা বিষাক্ত কীটনাশক পান করেন। পরে তাঁর অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা রোববার (৯ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে তাঁকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। এরপর পুলিশ সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।
নিহতের মেয়ে শামসুন্নাহার জানান, তাঁর বাবা দীর্ঘদিন ধরে ক্যান্সার ও জন্ডিসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। রোগের কারণে সৃষ্ট অসহনীয় কষ্ট ও ব্যথা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার চেষ্টা করেন। তাঁকে বাঁচাতে পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চালানো হলেও শেষ রক্ষা হয়নি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মানসিক হতাশা থেকে ওই বৃদ্ধ আত্মহত্যা করেছেন। বিষয়টি নাসিরনগর থানাকে অবহিত করা হয়েছে।
0 মন্তব্য