নৌকার পাটাতন আনতে গিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ব্রহ্মপুত্র নদের প্রবল স্রোতে তলিয়ে নিখোঁজ হয়েছেন সাইফুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তি।
বুধবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার উচাখিলা ইউনিয়নের বটতলা বালুর ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ সাইফুল উচাখিলা ইউনিয়নের মরিচারচর চানমলামারি গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার দুপুর আড়াইটার দিকে সাইফুল ইসলাম বাড়ির দিকে যাচ্ছিলেন। ওই সময় ব্রহ্মপুত্র নদের মাঝখান দিয়ে নৌকার একটি বড় পাটাতন ভেসে যেতে দেখে সেটি তীরে আনার জন্য তিনি নদে নামেন। কিন্তু নদে চলমান তীব্র স্রোতের কারণে তিনি আর তীরে ফিরে আসতে পারেননি।
প্রত্যক্ষদর্শী হবি মিয়া জানান, দুর্ঘটনার সময় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। তিনি নদের পাড়ের একটি দোকানে বসে চা পান করছিলেন। হঠাৎ দেখতে পান প্রবল স্রোতের মধ্যে এক ব্যক্তি হাবুডুবু খাচ্ছেন। তিনি তাৎক্ষণিক চিৎকার দিয়ে স্থানীয়দের ডেকে উদ্ধারের চেষ্টা করলেও মুহূর্তের মধ্যেই সাইফুল স্রোতের টানে তলিয়ে যান। এরপর স্থানীয় বাসিন্দারা নদে নেমে দীর্ঘক্ষণ সন্ধান চালালেও তার কোনো খোঁজ মেলেনি।
খবর পেয়ে প্রথমে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। নদের তীব্র স্রোত থাকায় উদ্ধার কাজের জন্য ময়মনসিংহ থেকে বিশেষ ডুবুরি দল আনা হয়। বিকেল সাড়ে ৫টার দিকে ডুবুরি দল নদে নেমে ব্যাপক তল্লাশি শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬টা) নিখোঁজ সাইফুলের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এ ঘটনার পর থেকে নিখোঁজ সাইফুলের পরিবারসহ পুরো এলাকায় চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। নিখোঁজ স্বজনকে জীবিত অথবা মৃত অবস্থায় ফিরে পাওয়ার আশায় শত শত মানুষ এখন ব্রহ্মপুত্র নদের পাড়ে ভিড় করে অপেক্ষা করছেন।
0 মন্তব্য