হবিগঞ্জের বাহুবল বাজারে সিএনজি ও টমটম স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় আতঙ্ক ছড়িয়ে পড়লে নিরাপত্তার কারণে বাজারের দোকানপাট বন্ধ করে দেন ব্যবসায়ীরা। পরে পুলিশ ও স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে বাহুবল বাজারের তোহা বাজারের বকুলতলা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, বকুলতলা এলাকায় সিএনজি ও টমটম স্ট্যান্ডের দখলকে কেন্দ্র করে গত তিন-চার দিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ ও উত্তেজনা চলছিল। এ নিয়ে কয়েক দফা কথা কাটাকাটি ও ঝগড়ার ঘটনাও ঘটে। এরই জেরে রোববার দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষ শুরু হলে পুরো বাজার এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার কারণে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে দেন। একই সঙ্গে পথচারী ও ক্রেতারা দ্রুত নিরাপদ স্থানে সরে যান। এতে কিছু সময়ের জন্য বাজার এলাকায় অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে বাহুবল মডেল থানার পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বাসিন্দারাও পরিস্থিতি শান্ত করতে এগিয়ে আসেন। পরে পুলিশ ও স্থানীয়দের সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন তালুকদার বলেন, “সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত এবং পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় যাতে পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।”
তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
0 মন্তব্য