কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের রেজুখাল এলাকায় বেপরোয়া গতির চাঁদের গাড়ি দুর্ঘটনায় হাবিব নামে এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়িতে থাকা আরো ১৩ পর্যটক গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, রাজধানী ঢাকা থেকে আসা ১৪ জনের একটি পর্যটক দল মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন পর্যটনকেন্দ্র ঘুরে চাঁদের গাড়িতে করে শহরে ফেরার পথে রেজুখাল এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা ১৪ জনই গুরুতর আহত হন। তারা সবাই একই পরিবারের সদস্য বলেও জানা গেছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাবিবকে মৃত ঘোষণা করেন।
নিহত হাবিব রাজধানীর মহাখালীর বাসিন্দা বলে জানা গেছে। আহত ১৩ জনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত রয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেওয়া হয়েছে। দুর্ঘটনার পরপরই চাঁদের গাড়ির চালক পালিয়ে যান।
পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দের পাশাপাশি চালককে শনাক্তের চেষ্টা করছে।
আহত এক পর্যটক জানান, শুরু থেকেই চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। কয়েকবার তাকে গাড়ির গতি কমানোর জন্য সতর্ক করা হলেও তিনি তা আমলে নেননি। একপর্যায়ে রেজুখাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
0 মন্তব্য