দীর্ঘ এক দশক পর ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় আবারও ক্ষমতায় ফিরেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউডিএফ)।
সোমবার (১৮ মে) তিরুবনন্তপুরমের সেন্ট্রাল স্টেডিয়ামে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন কংগ্রেস নেতা ভিডি সাতিসান।
কংগ্রেসের শীর্ষ নেতৃবৃন্দ, জোটের শরিক দলগুলোর প্রতিনিধি এবং হাজারো সমর্থকের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় শপথগ্রহণ অনুষ্ঠান। সাতিসানের সঙ্গে একইসঙ্গে শপথ নেয় তার পুরো মন্ত্রিসভাও।
কেরালার রাজনৈতিক ইতিহাসে প্রায় ছয় দশকের মধ্যে এই প্রথম কোনো মুখ্যমন্ত্রী ও তার পূর্ণ মন্ত্রিসভা একসঙ্গে শপথ নিলো। ২১ সদস্যের ইউডিএফ সরকারের গুরুত্বপূর্ণ সদস্যদের মধ্যে রয়েছেন রমেশ চেনিথালা, কে মুরালিধরণ এবং কেরালা প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি সানি জোসেফ।
এছাড়া ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লীগ (আইইউএমএল) থেকে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন পি কে কুন্নালিকুট্টি, পি কে বশির, এন সামসুদিন, কে এম শাজি এবং ভি ই আব্দুল গফুর।
মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন মন্স জোসেফ, শিবু বেবি জন, অনুপ জ্যাকব, সি পি জন, এ পি অনিল কুমার, টি সিদ্দিকী, পি সি বিষ্ণুনাথ, রোজি এম জন, বিন্দু কৃষ্ণ, এম লিজু, কে এ তুলসী এবং ও জে জেনীশ।
এর আগে ভিডি সাতিসান জানান, রাজনৈতিক ও সামাজিক ভারসাম্যের বিষয় বিবেচনায় নিয়ে কয়েকজন যোগ্য নেতাকে মন্ত্রিসভায় স্থান দেওয়া সম্ভব হয়নি। তবে শরিক দল ও কংগ্রেস নেতৃত্বের সঙ্গে আলোচনা শেষে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সরকার গঠনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
রবিবার সন্ধ্যায় লোক ভবনে গিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের কাছে আনুষ্ঠানিকভাবে মন্ত্রীদের তালিকা হস্তান্তর করেন সাতিসান। গত পাঁচ বছর বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করা সাতিসানকে কেরালায় তৃণমূল পর্যায়ে কংগ্রেসকে পুনর্গঠনের অন্যতম প্রধান কারিগর হিসেবে দেখা হয়।
২০২৬ সালের কেরালা বিধানসভা নির্বাচনে কংগ্রেস এককভাবে ৬৩টি আসন লাভ করে। আর ১৪০ আসনের বিধানসভায় সাতিসানের নেতৃত্বাধীন ইউডিএফ জোট পায় ১০২টি আসন। এই জয়ের মধ্য দিয়ে সিপিআই(এম) নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক ফ্রন্টের (এলডিএফ) টানা ১০ বছরের শাসনের অবসান ঘটলো।
0 মন্তব্য