চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে হত্যার ঘটনায় অন্যতম আসামি মো. আইয়ুবকে (৪৫) রাঙামাটির বাঘাইছড়ি থেকে গ্রেফতার করেছে র্যাব-৭। গতকাল ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, হত্যাকাণ্ডের পর গ্রেফতার এড়াতে আইয়ুব রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার একটি পাহাড়ি এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে রবিবার বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের হাজীপাড়া এলাকায় শাহ আলমের বাড়িতে অভিযান চালায় র্যাবের একটি আভিযানিক দল। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ১৩ জুন শনিবার দুপুর দেড়টার দিকে রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনী বাজারে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে প্রকাশ্যে গুলি করে হত্যা করে একদল সশস্ত্র সন্ত্রাসী।
ঘটনার পর তাৎক্ষণিক অভিযান চালানো হলেও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডে জড়িত পাঁচজনের পরিচয় শনাক্ত করা হয়।
এ ঘটনায় ১৫ জুন নিহতের বড় ভাই বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জনকে আসামি করে রাউজান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
0 মন্তব্য