যুক্তরাষ্ট্রের বিখ্যাত বহুজাতিক বিনিয়োগ প্রতিষ্ঠান ‘বার্কশায়ার হ্যাথাওয়ে’-এর চেয়ারম্যান পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়িয়েছেন বিশ্বখ্যাত বিনিয়োগকারী ওয়ারেন বাফেট। প্রতিষ্ঠানের দীর্ঘদিনের পরিকল্পনা অনুযায়ী, ৯৬ বছর বয়সী এই ধনকুবের তার ছেলে হাওয়ার্ড বাফেটের হাতে শীর্ষ নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছেন।
শেয়ারহোল্ডারদের কাছে পাঠানো এক চিঠিতে বার্কশায়ারের প্রধান নির্বাহী (সিইও) গ্রেগ অ্যাবেল জানান, চেয়ারম্যানের পদ ছাড়লেও বাফেট এখন থেকে প্রতিষ্ঠানের ‘চেয়ারম্যান ইমেরিটাস’ বা অনারারি উপদেষ্টা হিসেবে থাকবেন। একই সঙ্গে বোর্ডের মিটিংগুলোতে উপস্থিত থেকে তিনি তার অভিজ্ঞতা ও পরামর্শ দেওয়া অব্যাহত রাখবেন।
এর আগে চলতি বছরের শুরুর দিকে বার্কশায়ারের মূল নির্বাহী ক্ষমতা গ্রেগ অ্যাবেলের কাছে হস্তান্তর করেছিলেন বাফেট। এবার চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠানটিতে বাফেট পরিবারের দীর্ঘ নেতৃত্বের ধারা বজায় রইল। নতুন চেয়ারম্যান হাওয়ার্ড বাফেট ১৯৯৩ সাল থেকে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে কাজ করছেন।
এক চিঠিতে ৯৬ বছর বয়সী বাফেট লিখেছেন, ‘ক্ষমতা হস্তান্তরের এটাই সঠিক সময়।’ দীর্ঘদিনের এই দায়িত্ব পালনকে জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য হিসেবে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘দিনশেষে সময়ের কাছেই সবাইকে হার মানতে হয়।’
উল্লেখ্য, ১৯৬৫ সালে মাত্র একটি বন্ধপ্রায় পোশাক কারখানা কিনে ব্যবসা শুরু করেছিলেন ‘ওমাহার ওরাকল’ নামে পরিচিত ওয়ারেন বাফেট। নিজের বুদ্ধিমত্তা ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ কৌশলে তিনি এটিকে ১.১ ট্রিলিয়ন (১১০ হাজার কোটি) ডলারের বিশাল এক বাণিজ্যিক সাম্রাজ্যে পরিণত করেন।
বর্তমানে অ্যাপল, কোকা-কোলা, গাইকো ইনস্যুরেন্স ও ডেইরি কুইনের মতো বিশ্বের শীর্ষস্থানীয় অসংখ্য বিখ্যাত ব্র্যান্ড এই প্রতিষ্ঠানের মালিকানাধীন রয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বিনিয়োগকারীদের আশ্বস্ত করে বলা হয়েছে, বাফেটের এই অবসর প্রক্রিয়ায় হঠাৎ কোনো বড় পরিবর্তন বা প্রভাব পড়বে না।
0 মন্তব্য