মিরপুর টেস্ট এখন জমে উঠেছে রোমাঞ্চকর শেষ দিনের অপেক্ষায়। চতুর্থ দিন শেষে ম্যাচের পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে, যেখানে জয়-পরাজয়—দুই সম্ভাবনাই খোলা রয়েছে। তবে দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে পাকিস্তান শিবির।
চতুর্থ দিন শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৫২ রান করেছে। স্বাগতিকদের মোট লিড দাঁড়িয়েছে ১৭৯ রান। দিনের শেষভাগে কিছুটা ধীরগতির ব্যাটিং করেছে বাংলাদেশ। পরিকল্পনা অনুযায়ী, শেষ দিনে সকালে আরও কিছু সময় ব্যাটিং করে বড় লক্ষ্য দাঁড় করাতে চায় দলটি। এরপর দায়িত্ব থাকবে বোলারদের কাঁধে।
তবে পাকিস্তানের অলরাউন্ডার সালমান আগা মনে করেন, বাংলাদেশ সাহসী সিদ্ধান্ত নিতে পারবে না। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ যদি ৭০ থেকে ৭৫ ওভারে ২৬০ বা ২৭০ রানের লক্ষ্য দেয়, তাহলে পাকিস্তান সেই লক্ষ্য তাড়া করেই জয়ের চেষ্টা করবে।
সালমান বলেন, “অবশ্যই আমরা জেতার জন্য খেলব। তারা যদি যথেষ্ট সাহসী হয় এবং ৭০ ওভারে ২৬০ রানের লক্ষ্য দেয়, তাহলে আমরা সেটা তাড়া করব। তবে আমার মনে হয় না তারা এমন করবে।”
চতুর্থ দিনের খেলায় বড় বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। একটি পুরো সেশন ভেসে যাওয়ায় দিনে মাত্র ৪৮ দশমিক ৪ ওভার খেলা সম্ভব হয়। এরপরও বাংলাদেশ ধৈর্য ধরে ব্যাটিং চালিয়ে যায়। প্রথম ইনিংসে ওভারপ্রতি সাড়ে তিনের বেশি রান তুললেও দ্বিতীয় ইনিংসে রান এসেছে ৩ দশমিক ০১ গড়ে।
বৃষ্টির পর বাংলাদেশের লিড যখন দেড়শ পার হয়, তখন রান তোলার গতি আরও বাড়ানো উচিত ছিল কি না—এমন প্রশ্নে বাংলাদেশের প্রতিনিধি আশরাফুল বলেন, দল পরিস্থিতি বুঝেই খেলেছে।
তিনি বলেন, “টেস্ট ক্রিকেট যেভাবে খেলতে হয়, সেভাবেই খেলেছে। বৃষ্টি তো আমাদের নিয়ন্ত্রণে নেই। উইকেটে যে সাহায্য আছে, আমরা যদি কাল সকালে আরেকটু ভালো ব্যাটিং করে ইনিংস ঘোষণা দিতে পারি, তাহলে এই ম্যাচ জেতা সম্ভব।”
অন্যদিকে সালমান আগা মনে করেন, বাংলাদেশের জন্য কাজটা সহজ হবে না। পাকিস্তানের লক্ষ্য দ্রুত বাংলাদেশকে অলআউট করে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া।
তবে বাংলাদেশ যদি শেষ দিনে দ্রুত রান তুলে ২০ থেকে ২৫ ওভারে আরও ১০০ থেকে ১২০ রান যোগ করে ইনিংস ঘোষণা দেয়, সেটিকে স্বাগতই জানাচ্ছেন পাকিস্তানি এই অলরাউন্ডার।
সালমান বলেন, “যদি তারা এমন করে, তাহলে খুব ভালো হবে। কিন্তু এটা অনেক ঝুঁকিপূর্ণও। ব্যক্তিগতভাবে আমি চাই তারা এমন সিদ্ধান্ত নিক।”
তার মতে, বাংলাদেশ আক্রমণাত্মক সিদ্ধান্ত নিলে ম্যাচ দুই দলের জন্যই উন্মুক্ত হয়ে যাবে। তিনি বলেন, “তাদের প্রথম লক্ষ্য হবে আমাদের কাছ থেকে ম্যাচটা কেড়ে নেওয়া। এরপর তারা যা করতে চায় করবে। কিন্তু যদি ৭০ ওভারে ২৬০ বা ২৭০ রানের লক্ষ্য দেয়, তাহলে আমরা সেটা তাড়া করে ফেলব।”
0 মন্তব্য