যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (CSE) বিভাগে ইউজিসি (UGC) এবং এশীয় উন্নয়ন ব্যাংকের (ADB) অর্থায়নে পরিচালিত ICSETEP প্রকল্পের আওতায় প্রতিষ্ঠা হতে যাচ্ছে 'JUST Innovation Center (JIC)'।
প্রযুক্তিভিত্তিক নতুন ও উদ্ভাবনী আইডিয়া নিয়ে কাজ করা বিশ্ববিদ্যালয়ের নবীন স্টার্টআপগুলোকে প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা, সরাসরি মেন্টরশিপ, পেশাদার নেটওয়ার্কিং এবং ব্যবসায়িক প্রসারের পথ সুগম করার লক্ষ্যেই মূলত এ কেন্দ্রটি কাজ করবে।
ইনোভেশন সেন্টারের উদ্যোগে সিএসই বিভাগে সফলভাবে নির্বাচিত স্টার্টআপগুলোর জন্য রাখা হয়েছে ডেডিকেটেড ওয়ার্কিং স্পেস, মিটিং রুম এবং সেমিনার রুম ব্যবহারের বিশেষ সুযোগ।
এছাড়া লিগ্যাল, ফাইন্যান্স ও প্রযুক্তি খাতের প্রথম সারির বিশেষজ্ঞদের থেকে সার্বক্ষণিক মেন্টরশিপের সুবিধা পাবেন তরুণ উদ্ভাবকেরা।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের উদ্ভাবনী স্টার্টআপ গ্রুপগুলোর কাছ থেকে প্রজেক্ট প্রপোজাল আহ্বান করা হচ্ছে। জেন্ডার ইনক্লুসিভিটি ও প্রযুক্তি খাতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির অংশ হিসেবে নারী উদ্যোক্তাদের (Female Entrepreneurs) আবেদন করতে বিশেষভাবে উৎসাহিত করেছে কর্তৃপক্ষ।
প্রকল্পের শর্তানুযায়ী আগ্রহী স্টার্টআপগুলোকে নির্ধারিত সময়সীমার মধ্যে ইমেইলের মাধ্যমে (jic@just.edu.bd) প্রজেক্ট প্রপোজাল জমা দিতে বলা হয়েছে। সম্পূর্ণ কার্যক্রমটি বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত 'JIC Policy' অনুসরণে পরিচালিত হবে।
0 মন্তব্য