মাঠপর্যায়ের ভূমি অফিসগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিত, স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো এবং কর্মঘণ্টার সঠিক ব্যবহার নিশ্চিত করতে ‘ভূমিদৃষ্টি’ মোবাইল অ্যাপ চালু করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষ থেকে অ্যাপটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।
বিশেষ অতিথি ছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ‘ভূমিদৃষ্টি’ জিওফেন্সিংভিত্তিক একটি হাজিরা ব্যবস্থার মোবাইল অ্যাপ। এর মাধ্যমে জিপিএসের সাহায্যে নির্ধারিত কর্মস্থলে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি তদারকি করা হবে।
প্রতিটি ভূমি অফিসের জন্য নির্দিষ্ট ভৌগোলিক বা ভার্চুয়াল সীমানা নির্ধারণ থাকবে। ওই সীমানার ভেতরে অবস্থান করলেই অ্যাপের মাধ্যমে হাজিরা বা ‘চেক-ইন’ দেওয়া যাবে। সীমানার বাইরে থেকে হাজিরা দেওয়ার সুযোগ থাকবে না।
হাজিরা দেওয়ার সঙ্গে সঙ্গে তথ্য কেন্দ্রীয় নিয়ন্ত্রণ প্যানেলে হালনাগাদ হবে। ফলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিভিন্ন ভূমি অফিসের উপস্থিতির চিত্র তাৎক্ষণিকভাবে দেখতে পারবেন। নির্ধারিত সীমানার বাইরে থেকে হাজিরা বা ভুয়া অবস্থান ব্যবহারের চেষ্টা করা হলে স্বয়ংক্রিয় সতর্কবার্তা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।
বর্তমানে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, বগুড়া, রাজশাহী ও চট্টগ্রাম এই ছয় জেলায় অ্যাপটির পরীক্ষামূলক কার্যক্রম চলছে। এর আওতায় ৬১০টি কার্যালয়ের ৯১৯ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রাথমিকভাবে যুক্ত করা হয়েছে।
পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে দেশের সব বিভাগীয়, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসে অ্যাপটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
সরকারি কাজ বা তদন্তের প্রয়োজনে কর্মস্থলের বাইরে গেলে ‘সাইট ভিজিট’ সুবিধার মাধ্যমে বাইরে যাওয়ার কারণ উল্লেখ করা যাবে। একই সঙ্গে অ্যাপ থেকেই ছুটির আবেদন এবং ছুটির হিসাব সংরক্ষণের সুবিধাও রাখা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের মতে, প্রযুক্তিনির্ভর এই উদ্যোগ মাঠপর্যায়ের ভূমি প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কর্মদক্ষতা বাড়াতে সহায়ক হবে। এর মাধ্যমে ভূমি অফিসের কার্যক্রমে গতিশীলতা আসবে এবং সাধারণ মানুষের সেবা প্রাপ্তিও সহজ হবে বলে আশা করা হচ্ছে।
এর আগে গত ১৯ মে তেজগাঁও ভূমি ভবনে আয়োজিত ‘ভূমি সেবা মেলায়’ কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি তদারকিতে প্রযুক্তিনির্ভর ‘ভূমিদৃষ্টি’ অ্যাপ চালুর প্রস্তাব উপস্থাপন করেছিলেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। সেই উদ্যোগের ধারাবাহিকতায় অ্যাপটি আনুষ্ঠানিকভাবে চালু করা হলো।
0 মন্তব্য