আগামী গ্রীষ্মে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়িয়ে লোডশেডিং কিছুটা কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি বলেছেন, সৌরবিদ্যুৎকে এগিয়ে নিতে সরকার বিভিন্ন পরিকল্পনা নিয়ে কাজ করছে।
রোববার (১ নভেম্বর) বিদ্যুৎ ভবনের বিজয় হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
আগামী ৩ থেকে ৪ নভেম্বর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর বিস্তারিত তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মন্ত্রী বলেন, ‘গত আট মাস ধরে আমরা সৌরবিদ্যুতের জন্য কাজ করছি। দেশের মানুষকে এ বিষয়ে উৎসাহিত করছি। সে জন্যই এ এক্সপোর আয়োজন করা হচ্ছে। সরকারিভাবে এ ধরনের আয়োজন দেশে প্রথমবারের মতো হচ্ছে। প্রধানমন্ত্রী নিজেও এতে উপস্থিত থাকবেন।’
প্রধানমন্ত্রীর সৌরবিদ্যুৎ ব্যবহারের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেও অফ-গ্রিড হয়ে গেছেন। তিনি নিজের বাসায় আর গ্রিডের বিদ্যুৎ ব্যবহার করেন না।’
জ্বালানির দাম বেড়ে যাওয়ার বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এনার্জির দাম বাড়তে বাড়তে ৩২ ডলারে চলে গেছে। সে জন্য আমাদের সৌরবিদ্যুতের দিকে যেতে হবে। এ পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে হবে।’
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ বিদ্যুৎ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
0 মন্তব্য