যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পারমাণবিক সহযোগিতা চুক্তিতে অনুমোদন দিয়েছেন। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
সূত্রগুলোর ভাষ্য, এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না দেওয়া এই চুক্তির আওতায় সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ (ইউরেনিয়াম এনরিচমেন্ট) সক্ষমতা অর্জনের সুযোগ তৈরি হতে পারে। বুধবার চুক্তিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হতে পারে বলেও তারা জানিয়েছেন।
প্রস্তাবিত চুক্তির মেয়াদ হবে ৩০ বছর। এর আওতায় সৌদি আরবের পারমাণবিক কর্মসূচি উন্নয়নে যুক্তরাষ্ট্রের বিভিন্ন কোম্পানি অংশ নেবে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ সমীক্ষার পর দেশটিতে একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের পথও খুলে যেতে পারে।
চুক্তিটি পর্যালোচনার জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসে পাঠানো হবে বলে জানা গেছে।
প্রথমে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এ চুক্তির বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।
বিশ্লেষকদের মতে, এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের পারমাণবিক শিল্পে কয়েক বিলিয়ন ডলারের বিনিয়োগ ও ব্যবসার সুযোগ সৃষ্টি হতে পারে। এছাড়া এর একটি ধারা অনুযায়ী, সৌদি আরবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণে মার্কিন কোম্পানিগুলো কাজ করতে পারবে।
সৌদি আরব আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সদস্য রাষ্ট্র। ভিয়েনাভিত্তিক এই সংস্থাটি বিশ্বজুড়ে শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ব্যবহার ও তদারকির দায়িত্ব পালন করে।
উল্লেখ্য, প্রেসিডেন্ট ট্রাম্পের পাশাপাশি সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও সৌদি আরবের সঙ্গে একটি বেসামরিক পারমাণবিক চুক্তির মাধ্যমে মার্কিন প্রযুক্তি ভাগাভাগির চেষ্টা করেছিলেন।
এর আগে ট্রাম্পের সৌদি সফরের অল্প সময় আগে মার্কিন জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট সৌদি আরব সফর করেন। সেখানে তিনি সৌদি জ্বালানিমন্ত্রীর সঙ্গে দেশটির বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎ খাতের উন্নয়ন নিয়ে আলোচনা করেন।
সূত্র:আরব নিউজ
0 মন্তব্য