বাসভাড়ার পর এবার লঞ্চের ভাড়াও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে সর্বনিম্ন ভাড়া সীমিত পরিমাণে বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।
একই সঙ্গে সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, এসব যানবাহনে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নেওয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে একটি দ্বিপক্ষীয় বৈঠক শেষে লঞ্চের ভাড়া বৃদ্ধির বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ল লঞ্চের ভাড়া
লঞ্চের ভাড়া বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে শেখ রবিউল আলম বলেন, জ্বালানি তেলের দাম ও পরিচালন ব্যয় বৃদ্ধিসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নৌযান মালিকরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে ৭ দশমিক ৫৪ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি জানান, লঞ্চের সর্বনিম্ন ভাড়া আগে ছিল ৩২ টাকা। এখন তা বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
আপাতত বাড়ছে না ট্রেনের ভাড়া
ট্রেনের ভাড়া বাড়ানো হবে কি না—এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন মন্ত্রী।
তিনি বলেন, রেল মন্ত্রণালয় থেকে ভাড়া বাড়ানোর জন্য এবার অনেক চাপ রয়েছে। ভাড়া না বাড়ালে এ খাতে লোকসান আরও বাড়বে। তারপরও আপাতত ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়নি। আগের ভাড়া বহাল রাখার চেষ্টা করা হচ্ছে।
শেখ রবিউল আলম বলেন, ‘রেলের ভাড়া না বাড়ানোর সর্বোচ্চ চেষ্টা করছি। একান্তই যদি ভাড়া বাড়াতে হয়, তাহলে তা যৌক্তিক হারে বাড়ানো হবে। তবে এখন পর্যন্ত ভাড়া বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
সিএনজিতে বাড়তি ভাড়া নিলে ব্যবস্থা
সিএনজিচালিত যানবাহনের ভাড়া প্রসঙ্গে মন্ত্রী বলেন, সিএনজির দাম বাড়েনি। ফলে সিএনজিচালিত যানবাহনের ভাড়া বাড়ানোর কোনো সুযোগ নেই।
তিনি বলেন, কেউ নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি নিচ্ছে—এমন তথ্য পাওয়া গেলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
0 মন্তব্য