বাংলাদেশ থেকে চলতি বছরের হজ ফ্লাইট শেষ হয়েছে। সৌদি আরবে পৌঁছেছেন বাংলাদেশ থেকে নিবন্ধিত সব হজযাত্রী।
শুক্রবার (২২ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্ক প্রকাশিত দৈনিক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিন অনুযায়ী, ব্যবস্থাপনা সদস্যসহ এখন পর্যন্ত মোট ৭৯ হাজার ১৬৪ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৬৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৭৩ হাজার ৯২৬ জন হজযাত্রী। তাদের পরিবহনে মোট ২০১টি হজ ফ্লাইট পরিচালনা করা হয়েছে।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, হজ শেষে আগামী ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার কার্যক্রম চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।
এদিকে, এখন পর্যন্ত সৌদি আরবে ২৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৭ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ১৫ জন এবং মদিনায় ৯ জন।
সবশেষ বৃহস্পতিবার (২২ মে) চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বাসিন্দা মোহাম্মদ নজরুল ইসলাম (৬১) সৌদি আরবে মারা যান।
0 মন্তব্য