চট্টগ্রামের রাউজানে জমি রেজিস্ট্রি করতে যাওয়ার পথে এক নারীর কাছ থেকে অস্ত্রের মুখে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের উত্তর গুজরা রাজ চন্দ্র পাড়া এলাকায় ডিসি সড়কে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সামশুন নাহার (৫০) উপজেলার বড় ঠাকুর পাড়া গ্রামের ইসমাইল সওদাগর বাড়ির বাসিন্দা।
ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, জমি রেজিস্ট্রি করার জন্য সামশুন নাহার ব্যাগে টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে একটি টেক্সিতে করে রাউজান সাব-রেজিস্ট্রার কার্যালয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁর সঙ্গে একজন দলিল লেখক ছিলেন। তাঁরা ডিসি সড়ক হয়ে রাজ চন্দ্র পাড়া এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে আসা ছয়জন ছিনতাইকারী টেক্সিটির গতিরোধ করে।
অভিযোগ অনুযায়ী, ছিনতাইকারীরা অস্ত্রের ভয় দেখিয়ে প্রথমে টেক্সিচালকের কাছ থেকে গাড়ির চাবি ও মোবাইল ফোন কেড়ে নেয়। পরে তাদের মধ্যে তিনজন অস্ত্র বের করে চালককে চুপ থাকতে বাধ্য করে। একপর্যায়ে টেক্সির পেছনের আসনে থাকা সামশুন নাহারের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তারা। এ সময় ব্যাগ নিয়ে তিনি নিচে পড়ে যান। পরে অস্ত্রধারীরা গুলি করার ভয় দেখালে তিনি ব্যাগটি ছেড়ে দিতে বাধ্য হন। এরপর ছিনতাইকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ঘটনার পর স্থানীয় এক ব্যক্তি থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করে। পরে স্বজনদের সহযোগিতায় সামশুন নাহার রাউজান থানায় গিয়ে লিখিত অভিযোগ করেন।
ভুক্তভোগী সামশুন নাহার বলেন, তাঁর কাছে মোট ২৭ লাখ টাকা ছিল। এর মধ্যে একটি ব্যাগে ২৫ লাখ টাকা এবং জমির কাগজপত্রের সঙ্গে অন্য একটি ব্যাগে আরও ২ লাখ টাকা ছিল। অস্ত্রের মুখে ছিনতাইকারীরা ২৫ লাখ টাকার ব্যাগটি নিয়ে গেছে।
তাঁর ছেলে প্রবাসী মো. আরিফ বলেন, জমি কেনার জন্য জমির মালিকের সঙ্গে ৩২ লাখ টাকায় চুক্তি হয়েছিল। এর আগে ৫ লাখ টাকা বায়না দেওয়া হয়। মঙ্গলবার তাঁর মা বাকি ২৭ লাখ টাকা নিয়ে দলিল লেখককে সঙ্গে করে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে যাচ্ছিলেন। তিনি নিজে আগেই মোটরসাইকেলে করে রেজিস্ট্রার কার্যালয়ে চলে গিয়েছিলেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, টাকা ছিনতাইয়ের ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
0 মন্তব্য