উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করছে। আজ সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে এবং কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠেছে।
পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি বলেন, সমুদ্রে বড় বড় ঢেউ উপকূলে আছড়ে পড়ছে। একই সঙ্গে স্বাভাবিকের তুলনায় নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বৃদ্ধি পেয়েছে। বৈরী আবহাওয়ার কারণে উত্তর বঙ্গোপসাগর, উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
তিনি জানান, পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরা ট্রলার ও নৌযানকে উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, পটুয়াখালী, খুলনা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া পরিস্থিতির আরও অবনতি হলে পরবর্তী সতর্কবার্তা অনুসরণ করতে উপকূলীয় এলাকার বাসিন্দা, জেলে ও নৌযান সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
0 মন্তব্য