তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। শ্রমিকদের দারিদ্র্যসীমার ওপরে রাখা এবং মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে এ মজুরি কাঠামো বিবেচনার সুপারিশ করেছে সংস্থাটি।
বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতের ন্যায্য মজুরি ২০২৬: বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে এ প্রস্তাব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে মূল প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন সংস্থাটির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য ও ড. মোস্তাফিজুর রহমান এবং গবেষণা বিভাগের প্রধান তৌফিকুল ইসলাম খান।
প্রতিবেদনে বলা হয়, চার সদস্যের একটি পরিবার বিবেচনায় একজন পোশাকশ্রমিকের মাসিক মজুরি হওয়া উচিত ২৪ হাজার ২০৪ টাকা। অন্যদিকে, একটি পরিবারকে উচ্চ দারিদ্র্যসীমার বাইরে রাখতে প্রয়োজন অন্তত ১৮ হাজার ৫৭৮ টাকা।
বর্তমানে দেশের পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। তবে মূল্যস্ফীতির কারণে আগের সমপরিমাণ পণ্য ও সেবা কিনতে এখন প্রয়োজন ১৬ হাজার ৩৫১ টাকা। ফলে বর্তমান মজুরি দিয়ে শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় মেটানো কঠিন হয়ে পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
অর্থনৈতিক সংকট ও শ্রমিকদের মজুরি প্রসঙ্গে যা বললেন দেবপ্রিয়
অনুষ্ঠানে দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, দেশের অর্থনীতিতে নিম্নচাপ রয়েছে, এটি সত্য। উদ্যোক্তারা অসুবিধার মধ্যে আছেন, সেটিও সত্য। কিন্তু সরকারের আচরণ কিংবা সংসদের কার্যক্রমে এ পরিস্থিতির যথাযথ প্রতিফলন দেখা যাচ্ছে না।
তিনি আরও বলেন, অর্থনৈতিক ও শ্রমসম্পর্কিত বিষয়গুলো ক্রমেই আইনশৃঙ্খলা ও রাজনৈতিক ইস্যুতে পরিণত হচ্ছে। অর্থনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সরকারের পদক্ষেপে স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি রয়েছে।
মজুরি নির্ধারণে সরকার ও ব্র্যান্ড ক্রেতাদের দায়িত্ব নেওয়ার আহ্বান
সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেন, মজুরি নির্ধারণের ক্ষেত্রে শুধু কারখানার সক্ষমতা বিবেচনা করলে হবে না। এ ক্ষেত্রে সরকার ও আন্তর্জাতিক ব্র্যান্ড ক্রেতাদেরও দায়িত্ব নিতে হবে।
সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ বলেন, দারিদ্র্যসীমা বিবেচনায় একজন শ্রমিকের জন্য প্রয়োজনীয় মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা। আর জীবন ধারণের উপযোগী মজুরি ২৪ হাজার ২০৪ টাকা। মজুরি নির্ধারণের আলোচনা হওয়া উচিত এ দুটি অঙ্কের মধ্যবর্তী সীমার মধ্যে।
সিপিডির এ প্রস্তাব বাস্তবায়িত হলে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের বর্তমান ন্যূনতম মজুরির তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে মজুরি বাড়ানোর বিষয়টি বিবেচনায় আসবে।
0 মন্তব্য