পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ছয়টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। এ সময় তিনি পূজামণ্ডপের আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিটি মণ্ডপ কমিটির হাতে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী তুলে দেন।
পরিদর্শনটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের লক্ষ্মীপতিপাড়া পূজামণ্ডপ থেকে শুরু হয়। পরে তিনি ভুজাড়িপাড়া, বালিয়াডাঙ্গী, মোহনবাগান, ঘাঘরাপাড়া ও আমবাড়ী পূজামণ্ডপ ঘুরে দেখেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু, কৃষক দলের সদস্যসচিব মো. কেরামত আলী, হাড়িভাষা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী সবুজ, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম মুন্না, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন, ইউনিয়ন কৃষক দলের সভাপতি জসিমসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতারা।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ বলেন, প্রতিটি মানুষের ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা সবার নৈতিক দায়িত্ব। সনাতন ধর্মাবলম্বীরা অতীতে যেভাবে ধানের শীষের পাশে ছিলেন, তা স্মরণীয় হয়ে থাকবে। ভবিষ্যতেও তাঁদের সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি পূজামণ্ডপগুলোর কমিটির হাতে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী তুলে দেন। উপহার গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন সনাতন ধর্মাবলম্বীরা।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান বাবু বলেন, কোনো উগ্রপন্থী গোষ্ঠী যেন এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তিনি।
হাড়িভাষা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল বলেন, ব্যারিস্টার নওশাদ জমির ও এম এ মজিদের মাধ্যমে এ ধরনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
পরিদর্শনের শেষ পর্যায়ে স্থানীয় বাসিন্দা ও পূজার্থীরা আগত অতিথিদের ধন্যবাদ জানান।
0 মন্তব্য