নবম জাতীয় পে-স্কেল অনুমোদন করেছে সরকার, এখন কেবল আনুষ্ঠানিক গেজেট প্রকাশের অপেক্ষা। নতুন এই বেতনকাঠামো-সংক্রান্ত আদেশ বুধবার (২ সেপ্টেম্বর) অথবা আগামীকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জারি হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি।
নতুন বেতনকাঠামো সম্পর্কে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব জানান, অর্থ বিভাগ আজ অথবা আগামীকাল এসংক্রান্ত আদেশ জারি করবে। আদেশ জারি হলে নতুন পে-স্কেলের বিষয়ে সবকিছু জানা যাবে।
এর আগে গত সোমবার (৩১ আগস্ট) বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবিত নবম জাতীয় পে-স্কেল অনুমোদন দেওয়া হয়।
মন্ত্রিসভার এই বৈঠকে নতুন বেতনস্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে সশস্ত্র বাহিনীর জন্য ‘যৌথবাহিনী নির্দেশাবলী ২০২৬’ ও অনুমোদন করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, অনুমোদিত এই নতুন বেতনস্কেল ও সংশ্লিষ্ট নির্দেশাবলী চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।
নতুন বেতনস্কেলে সরকারি কর্মচারীদের জন্য বিদ্যমান ২০টি বেতন গ্রেডই বহাল রাখা হয়েছে, তবে প্রতিটি গ্রেডের মূল বেতন নতুন করে পুনর্নির্ধারণ করা হয়েছে।
পুনর্নির্ধারিত এই স্কেলে ২০তম গ্রেডের সর্বনিম্ন প্রারম্ভিক মূল বেতন নির্ধারণ করা হয়েছে ২০ হাজার টাকা এবং ১ম গ্রেডের সর্বোচ্চ নির্ধারিত বেতন করা হয়েছে ১ লাখ ৫৬ হাজার টাকা।
0 মন্তব্য