রাঙ্গুনিয়ায় বন বিভাগের নিয়মিত টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে প্রায় এক একর সরকারি প্রটেক্টিভ ফরেস্ট (পিএফ) ভূমি জবরদখলের হাত থেকে রক্ষা পেয়েছে। গতকাল মঙ্গলবার ইছামতী রেঞ্জের আওতাধীন ঠান্ডাছড়ি মৌজার ২০ নম্বর এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, গত কিছুদিন ধরে স্থানীয় কিছু দুষ্কৃতকারী ওই এলাকায় অবৈধভাবে ঘর নির্মাণ করে সরকারি পিএফ জায়গা জবরদখলের পাঁয়তারা চালিয়ে আসছিল। তবে বন কর্মীদের নিয়মিত নজরদারি ও টহলের কারণে তারা তাৎক্ষণিকভাবে সফল হতে পারেনি।
এরই ধারাবাহিকতায় গতকাল নিয়মিত টহল দেওয়ার সময় বন বিভাগের দলটি দেখতে পায় যে, ওই চক্রটি গোপনে ঘর নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে।
তাৎক্ষণিক বিষয়টি ইছামতী রেঞ্জ কর্মকর্তা মো. তৌহিদুর রহমানকে জানানো হলে তার নির্দেশনায় ইছামতী বিট কর্মকর্তা মেহেদী হাসান রনির নেতৃত্বে একটি দল সেখানে দ্রুত উপস্থিত হয়। পরবর্তীতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সেখানে গড়ে ওঠা অবৈধ স্থাপনা ও ঘর ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। এই অভিযানের মাধ্যমে স্থাপনাসহ প্রায় এক একর সরকারি সংরক্ষিত জমি জবরদখলমুক্ত করা হয়।
এসময় দখলদাররা পালিয়ে যায়। সরকারি বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
0 মন্তব্য