পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরীকে বান্দরবানে রাজকীয় সংবর্ধনায় বরণ করা হয়েছে। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গতকাল মঙ্গলবার দুপুরে সড়কপথে চট্টগ্রাম থেকে নির্বাচনী এলাকা বান্দরবান পৌঁছান তিনি। মোটরসাইকেল, গাড়ির বহরে বর্ণাঢ্য শোভাযাত্রায় জেলার প্রবেশমুখ হলুদিয়া থেকে তাকে বরণ করে নিয়ে আসে বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় সড়কের দুপাশে দাঁড়িয়ে নেতাকর্মীরা মন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বিভিন্ন সংগঠনের ব্যানারে নির্মাণ করা হয় শতাধিক তোরণ।
পরে শহরের প্রেসক্লাবের সামনে গণসংবর্ধনা ও বিএনপির প্রতিষ্ঠান বার্ষিকী উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী বক্তব্য রাখেন।
তিনি বলেন, সমপ্রীতির জেলা বান্দরবান–এটি বলাটা সহজ, শান্তি সমপ্রীতি রক্ষায় আমাদের সবার ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। পার্বত্য শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ সব ক্ষেত্রেই পিছিয়ে রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় রাষ্ট্রীয় পলিসি ও দিকনির্দেশনা অনুসরণ করেই এগিয়ে যেতে হবে। এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে শান্তি সমপ্রীতি খুবই গুরুত্বপূর্ণ। বিষয়গুলোর গুরুত্ব অনুধাবন করে সরকারের সাথে একাত্মতা প্রকাশ করেই পার্বত্যবাসীর কল্যাণে আমাদের কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর পরিকল্পনায় এগিয়ে যাবে পার্বত্য জেলাগুলোও।
সভায় অন্যান্যদের মধ্যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মো. ওসমান গনি, আব্দুল মাবুদ, সাশৈপ্রু, মুজিবুর রশীদ, মশিউর রহমান মিঠুন, জাহাঙ্গীর আলম, জেলা রেডক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক দৌলতুল কবীর খান, বিএনপি নেতা সাবিকুর রহমান জুয়েল, জেলা যুবদলের সভাপতি জহির উদ্দিন মাসুম, সাধারণ সম্পাদক আরিফ চৌধুরী, জেলা ছাত্রদলের সভাপতি ফরহাদ হোসেন জিকু প্রমুখ।
এদিকে গণসংবর্ধনা ও প্রতিষ্ঠা বার্ষিকীর সভায় জেলার সাতটি উপজেলা, দুটি পৌরসভা এবং চৌত্রিশ ইউনিয়ন থেকে পাহাড়ি বাঙালি বিএনপিসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হয় সভাস্থলে। সংবর্ধনা অনুষ্ঠান পরিণত হয় পাহাড়ি বাঙালির মিলনমেলায়।
0 মন্তব্য