সৌদি আরবের মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। বুধবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, মক্কা আল-মুকাররমা এবং সৌদি আরবের অন্যান্য পবিত্র স্থানের পবিত্রতার প্রতি গভীর শ্রদ্ধা পুনর্ব্যক্ত এবং এসব স্থান রক্ষায় সৌদি আরব ও দেশটির জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে বাংলাদেশ। বিবৃতিতে আরো বলা হয়েছে, পবিত্র স্থানগুলোর নিরাপত্তা সব সময় নিশ্চিত করতে হবে।
এর আগে সৌদি আরবের মক্কার দক্ষিণে হুথিদের ছোড়া একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ড্রোনটি পবিত্র মক্কা নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই এটি ধ্বংস করা হয় বলে দাবি করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইরত এই জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বুধবার ভোরে এ তথ্য জানান।
তবে বুধবার হুথিদের এক কর্মকর্তা ড্রোন ছোড়ার দাবি প্রত্যাখ্যান করেছেন। গোষ্ঠীটির মুখপাত্র হাজেম আল-আসাদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, মক্কাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ ‘পুরোনো মিথ্যা’, যা আগেও ব্যবহার করা হয়েছে এবং যা এখন আর কাউকে বিভ্রান্ত করে না।
0 মন্তব্য