ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা লোহিত সাগর দিয়ে চলাচলকারী সৌদি আরবের দুইটি তেলবাহী জাহাজে হামলার দাবি করেছে। জাহাজ দুটির নাম এনসেলিয়া ও লায়লা ।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারি বুধবার বলেন, “সশস্ত্র বাহিনীর ঘোষিত নৌ অবরোধ অমান্য করায় এনসেলিয়া ও লায়লা নামের দুই সৌদি তেলবাহী জাহাজকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
তিনি দাবি করেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এ হামলা চালানো হয়েছে, যাতে জাহাজে আগুন ধরে যায়। এছাড়া হুথিদের ঘোষিত নৌ অবরোধের কারণে প্রায় ১০টি জাহাজ তাদের নির্ধারিত পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে সৌদি রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ জানায়, এনসেলিয়া জাহাজটি হামলার শিকার হলেও এর সব নাবিক নিরাপদ রয়েছেন। সৌদি পরিবহন কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন, জাহাজ, এর ক্রু ও সামুদ্রিক পরিবেশের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের হামলা আন্তর্জাতিক আইন ও বাণিজ্যিক জাহাজ এবং এর নাবিকদের নিরাপত্তা নিশ্চিতকারী আন্তর্জাতিক নীতিমালার লঙ্ঘন।
যুক্তরাজ্যভিত্তিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও ও জানিয়েছে, একটি তেলবাহী জাহাজ অজ্ঞাত একটি প্রক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাতে আগুন লাগে। তবে নাবিকরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
গত ২০ জুলাই হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে। এর আগে ইয়েমেন সরকারের বাহিনী হুথি-নিয়ন্ত্রিত সানা বিমানবন্দরে বোমা হামলা চালায়, যাতে একটি ইরানি বিমান অবতরণ করতে না পারে। এর পরই উত্তেজনা আরও বেড়ে যায়।
বিশ্লেষকদের মতে, লোহিত সাগর ও বাব আল-মান্দেব প্রণালি বিশ্ব বাণিজ্য ও জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট। হরমুজ প্রণালিতে চলাচল ব্যাহত হওয়ার পর সৌদি আরব এই পথ দিয়ে তেল পরিবহন বাড়ানোর চেষ্টা করছিল। তবে হুথিদের সাম্প্রতিক হামলা সেই বিকল্প রুটকেও ঝুঁকির মুখে ফেলেছে।
0 মন্তব্য